নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : রবিবার ২৬শে এপ্রিল ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি: সংগৃহীত
ওয়াশিংটন ডিসিতে বিভিন্ন সংবাদমাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতাদের সঙ্গে এক নৈশভোজে অংশ নিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনুষ্ঠান চলাকালেই হঠাৎ বিকট শব্দ শোনা গেলে মুহূর্তেই তৈরি হয় আতঙ্কজনক পরিস্থিতি। নিরাপত্তার স্বার্থে দ্রুত তাঁকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।
ঘটনার প্রায় এক ঘণ্টা পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করে ট্রাম্প জানান, একজন বন্দুকধারীকে আটক করা হয়েছে। তিনি আরও লেখেন, “ওয়াশিংটন ডিসিতে বেশ একটি সন্ধ্যা। সিক্রেট সার্ভিস এবং আইন প্রয়োগকারী সংস্থা চমৎকার কাজ করেছে।”
বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্থানীয় সময় শনিবার রাতে বিকট গুলির শব্দ শোনার পরপরই সিক্রেট সার্ভিস এজেন্টরা দ্রুত পদক্ষেপ নেয়। প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প-কে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজ থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
শব্দ শোনার সঙ্গে সঙ্গেই নৈশভোজে উপস্থিত অতিথিরা আতঙ্কে কথা বলা বন্ধ করে দেন। কেউ কেউ ‘নিচে নামুন, নিচে নামুন!’ বলে চিৎকার করতে থাকেন। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে যুদ্ধ সরঞ্জাম পরিহিত সিক্রেট সার্ভিস সদস্যরা ডাইনিং হলে ছুটে আসেন। আতঙ্কে শত শত অতিথি টেবিলের নিচে আশ্রয় নেন।
প্রতিবেদন অনুযায়ী, প্রায় ২৬০০ অতিথির মধ্যে অনেকেই নিরাপদ স্থানে সরে যান। এ সময় ওয়েটাররাও নিজেদের সুরক্ষায় ডাইনিং হলের সামনের দিকে আশ্রয় নিতে ছুটে যান।
তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের কোনো দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।