;

কুমিল্লায় মহাসড়কের পাশ থেকে কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার

কুমিল্লায় মহাসড়কের পাশ থেকে কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম থেকে প্রশিক্ষণ শেষে কুমিল্লায় ফেরার পথে নিখোঁজ হওয়া কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর শনিবার সকাল পৌনে ৮টার দিকে কোটবাড়ি এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি হোটেলের পাশের ফুটপাত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত বুলেট বৈরাগী কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট বিভাগে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি চট্টগ্রাম–এ ৪৪তম বুনিয়াদি প্রশিক্ষণে অংশ নিচ্ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল সরকারি প্রশিক্ষণের উদ্দেশ্যে চট্টগ্রামে যান তিনি। শুক্রবার রাত ১১টার দিকে প্রশিক্ষণ শেষে চট্টগ্রামের অলংকার মোড় থেকে বাসযোগে ঢাকার উদ্দেশে রওনা দেন। পথে পরিবারের সদস্যদের সঙ্গে তার মোবাইল ফোনে কথাও হয়।

জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ কল পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে দুপুর ১টার দিকে পরিবারের সদস্যরা থানায় গিয়ে মরদেহটি বুলেট বৈরাগীর বলে শনাক্ত করেন।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মরদেহে বড় ধরনের কোনো আঘাতের চিহ্ন না থাকলেও মুখমণ্ডলে আঘাতের চিহ্ন ও রক্তাক্ত অবস্থা দেখা গেছে। ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।