;

স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই

স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজ মারা গেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

শনিবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (উপসচিব) মো. এমাদুল হক নিশ্চিত করেছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সিঙ্গাপুর স্থানীয় সময় দুপুর দেড়টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আগামীকাল সন্ধ্যায় মরহুমার মরদেহ দেশে আনা হবে।

৩০ মার্চ বেলা ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে বাদ জোহর সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদের সামনে দ্বিতীয় জানাজা শেষে বনানী সামরিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

দিলারা হাফিজের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

প্রসঙ্গত, তিনি দীর্ঘদিন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে ঈদুল ফিতরের দিন দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।