নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : শনিবার ২৮শে মার্চ ২০২৬, ০৪:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি: সংগৃহীত
তারকাদের জন্মদিনে নতুন সিনেমার ঝলক উন্মোচন নতুন কিছু নয়। বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতেই এমনটা দেখা যায়, ঢালিউডও এর ব্যতিক্রম নয়। এর আগেও জন্মদিনে শাকিব খানের নতুন সিনেমার পোস্টার প্রকাশ পেয়েছে, যা দেখে দর্শকদের মাঝে উন্মাদনা তৈরি হয়েছিল। তবে এবারের চমক যেন ভিন্ন মাত্রা যোগ করেছে।
শনিবার (২৮ মার্চ) নিজের জন্মদিনে প্রকাশ পেয়েছে শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’-এর লুক। এতে তাকে একেবারে নতুন রূপে দেখা গেছে—পাগল প্রেমিক বা গ্যাংস্টারের গণ্ডি পেরিয়ে পুরোদস্তুর রকস্টারের আবহে হাজির হয়েছেন তিনি। এমন লুকে তাকে আগে কখনও দেখা যায়নি।
সকাল ১১টার দিকে সামাজিক মাধ্যমে প্রকাশের পর মুহূর্তেই ছড়িয়ে পড়ে ‘রকস্টার’-এর এই লুক। ভক্তদের অনেকেই একে শাকিব খানের ক্যারিয়ারের সেরা লুক বলে মন্তব্য করছেন। কেউ কেউ বলছেন, এই লুকে যেন নতুন এক আকর্ষণ তৈরি হয়েছে।
এদিকে মালয়েশিয়ায় শুরু হয়েছে ‘রকস্টার’-এর শুটিং, যেখানে বর্তমানে অবস্থান করছেন শাকিব খান। শুক্রবার (২৭ মার্চ) সিনেমাটির একটি ফুটেজও ফাঁস হয়েছে, যেখানে তাকে একই লুকে দেখা গেছে। জানা গেছে, সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করছেন তানজিয়া জামান মিথিলা ও সাবিলা নূর। ছবিটি পরিচালনা করছেন আজমান রুশো।
অন্যদিকে, বর্তমানে প্রেক্ষাগৃহে চলছে শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমা। এটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। এতে তার বিপরীতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডু।