;

যারা আমাকে বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

যারা আমাকে বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

পোশাক নিয়ে সমালোচনার জবাবে ফেসবুকে পাশাপাশি এ দুটি ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী বাঁধন। ছবি: সংগৃহীত

চব্বিশের আন্দোলনে রাজপথে সরব উপস্থিতির মাধ্যমে আলোচনায় আসেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। নাগরিক অধিকার ও গণতন্ত্রের পক্ষে তার সাহসী অবস্থান যেমন প্রশংসিত হয়েছে, তেমনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোটাধিকার প্রয়োগের ছবিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

নির্বাচনের পরদিন (১৩ ফেব্রুয়ারি) আবারও ভিন্ন বার্তা নিয়ে হাজির হন তিনি। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দুটি ছবি পোস্ট করেন বাঁধন। একটিতে তাকে দেখা যায় বোরকা পরিহিত অবস্থায়, অন্যটিতে হাতাকাটা ব্লাউজের সঙ্গে শাড়িতে। দুই ভিন্ন লুকে নিজেকে তুলে ধরে সমালোচকদের উদ্দেশে স্পষ্ট বার্তা দেন এই অভিনেত্রী।

ছবির ক্যাপশনে বাঁধন লেখেন, “আমাদের সবার জন্য গর্বের মুহূর্ত। দারুণ করেছ, বাংলাদেশ! নির্ঘুম রাতের পর এই স্বস্তির সকাল আমাকে কৃতজ্ঞ, তৃপ্ত এবং গভীরভাবে গর্বিত করেছে।”

বোরকা পরা নিয়ে সমালোচনার জবাব দিতে গিয়ে তিনি আরও লেখেন, “যারা আমাকে ‘বোরকা কিনতে’ বলেছিলেন, এই ছবিটা তাদের জন্য। ছোটবেলা থেকে আমি নিয়মিত বোরকা পরি। আমার কাছে এটি শুধু আরেকটি পোশাক—না বেশি, না কম। কখনও ব্যবহারিকও—পায়জামা ঢাকতে, চুল আড়াল করতে বা জনসমাগমে সহজে মিশে যেতে। এতই সরল বিষয়। যারা ট্রল বা কটাক্ষ করেছেন, এটিও তাদের জন্য।”

নির্বাচনে জয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়ে বাঁধন বলেন, “যারা জয়ী হয়েছেন, তাদের অভিনন্দন। আর যারা হননি, তাদের জন্য বলি—অভিজ্ঞতাটাই এক ধরনের বিজয়। এই দেশ আমাদের সবার। সম্মান ও ঐক্য নিয়ে একসঙ্গে এগোনোই চূড়ান্ত লক্ষ্য।”

তার এই পোস্ট সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার স্পষ্ট অবস্থান ও আত্মবিশ্বাসের প্রশংসা করছেন, আবার কেউ কেউ বিষয়টি নিয়ে ভিন্ন মতও প্রকাশ করছেন।