;

ভারতের মহারাষ্ট্রে দুই বছরে নিখোঁজ হয়েছে ৯৩ হাজারের বেশি নারী

ভারতের মহারাষ্ট্রে দুই বছরে নিখোঁজ হয়েছে ৯৩ হাজারের বেশি নারী

ছবি: সংগৃহীত

ভারতের মহারাষ্ট্র রাজ্যে গত দুই বছরে ৯৩ হাজারের বেশি নারী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। সরকারি তথ্য অনুযায়ী, এদের মধ্যে ৬৭ হাজারের বেশি নারীকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য উইক–এর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে মহারাষ্ট্রে ৪৮ হাজারের বেশি নারী নিখোঁজ হন। এর আগের বছর ২০২৪ সালে এ সংখ্যা ছিল ৪৫ হাজারের বেশি। পুলিশি অভিযানে ২০২৫ সালে ৩০ হাজার ৮৭৭ জন নারী এবং ২০২৪ সালে ৩৬ হাজার ৫৮১ জন নারীকে খুঁজে বের করা সম্ভব হয়েছে।

একই সময়ে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের নিখোঁজের ঘটনাও বেড়েছে। ২০২৪ সালে যেখানে নিখোঁজ কিশোরীর সংখ্যা ছিল ১১ হাজার ৩১৩ জন, ২০২৫ সালে তা বেড়ে দাঁড়ায় ১২ হাজার ১১৩ জনে।

সম্প্রতি রাজ্যের বিধানসভায় নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে তথ্য উপস্থাপনের সময় রাজ্য স্বরাষ্ট্র দপ্তর এসব পরিসংখ্যান প্রকাশ করে। সেখানে জানানো হয়, ২০১৫ সালের জুলাই থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ‘অপারেশন মুসকান’ ১৩ বার পরিচালিত হয়েছে। এসব অভিযানে ৪১ হাজারের বেশি অপ্রাপ্তবয়স্ককে উদ্ধার করা হয়েছে। বর্তমানে এর আরেকটি ধাপ চলমান রয়েছে, যার আওতায় এখন পর্যন্ত ৪৫৪ জন ছেলে ও ৯৪৭ জন মেয়েকে উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, অপারেশন মুসকান একটি দেশব্যাপী উদ্যোগ, যার লক্ষ্য নিখোঁজ শিশুদের খুঁজে বের করে তাদের পরিবারে ফিরিয়ে দেওয়া। এটি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৃহত্তর কর্মসূচির অংশ, যেখানে বিশেষ করে মেয়েশিশুদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হয়।

রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের তথ্যে আরও জানানো হয়েছে, গত বছর মুম্বাই, নাবি মুম্বাই, রায়গড়, নাগপুর এবং ছত্রপতি সম্ভাজিনগর জেলা থেকে ১৫ থেকে ১৮ বছর বয়সী মোট ৪ হাজার ৯৮৯ জন ছেলে-মেয়ে নিখোঁজ হয়েছিল। এর মধ্যে ৪ হাজার ৮১৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, ফলে উদ্ধার হার দাঁড়িয়েছে ৯৬ শতাংশ।

সামগ্রিকভাবে, ২০২৪ ও ২০২৫ সালে নিখোঁজ নারীদের ক্ষেত্রে উদ্ধার হার ছিল ৭১ শতাংশ এবং নিখোঁজ অপ্রাপ্তবয়স্ক মেয়েদের ক্ষেত্রে উদ্ধার হার ৮০ শতাংশ।