;

সরকারের আচরণে মনে হচ্ছে গরিব শিক্ষকরা দেশের নাগরিক না: রিজভী

সরকারের আচরণে মনে হচ্ছে গরিব শিক্ষকরা দেশের নাগরিক না: রিজভী

ছবি সংগৃহীত

বর্তমান অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের আচরণে মনে হয় “গরিব শিক্ষকরা এই দেশের নাগরিক নন।” তিনি আরও বলেন, বিএনপি এখনো বিশ্বাস করে প্রধান উপদেষ্টা একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবেন, তবে কয়েকজন উপদেষ্টার আচরণ সে বিশ্বাসকে প্রশ্নের মুখে ফেলছে।

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপিওভুক্তির দাবিতে নন-এমপিও শিক্ষকদের চলমান আন্দোলনে অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন।

রিজভী নন-এমপিও শিক্ষকদের দাবিকে শতভাগ ন্যায়সঙ্গত বলে উল্লেখ করে আন্দোলনের প্রতি সংহতি জানান। তিনি বলেন, “যারা ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করেন, সেই শিক্ষকরাই আজ রাস্তায় অনশনে—এটা অত্যন্ত দুঃখজনক।”

উল্লেখ্য, লাগাতার ২৩ দিন ধরে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার দাবিতে আন্দোলন করছেন শিক্ষকরা। ‘সম্মিলিত নন-এমপিও ঐক্যপরিষদ’-এর ব্যানারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ৪ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক রাজধানীতে অবস্থান নিয়ে আন্দোলন ও অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।