;

একুশে ফেব্রুয়ারির পরিবর্তে ৮ ফাল্গুন মাতৃভাষা দিবস পালনের প্রস্তাব মাসুদ সাঈদীর

একুশে ফেব্রুয়ারির পরিবর্তে ৮ ফাল্গুন মাতৃভাষা দিবস পালনের প্রস্তাব মাসুদ সাঈদীর

ছবি সংগৃহীত

বায়ান্নর ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ‘২১ ফেব্রুয়ারি’র পরিবর্তে বাংলা পঞ্জিকা অনুযায়ী ‘৮ ফাল্গুন’ তারিখে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তাব দিয়েছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ প্রস্তাব তুলে ধরেন।

সভায় বক্তব্য রাখতে গিয়ে মাসুদ সাঈদী বলেন, বাংলা ভাষার মর্যাদা রক্ষায় আমাদের পূর্বসূরিরা রক্ত দিয়েছেন। ঐতিহাসিক সেই দিনটি ছিল বাংলা পঞ্জিকার ৮ ফাল্গুন। কিন্তু এখনও দিবসটি ইংরেজি তারিখ ২১ ফেব্রুয়ারি অনুযায়ী পালিত হচ্ছে। তিনি আশা প্রকাশ করে বলেন, বর্তমান সরকার যেহেতু জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে গঠিত, তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। তাঁর মতে, ২১ ফেব্রুয়ারির পরিবর্তে ৮ ফাল্গুন পালনের মাধ্যমে ভাষার প্রতি প্রকৃত সম্মান প্রদর্শন সম্ভব।

তিনি আরও বলেন, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মূল প্রতিপাদ্য হওয়া উচিত অন্যায়ের কাছে মাথা নত না করা এবং একুশের চেতনাকে সর্বস্তরে ধারণ করা। কিন্তু বাস্তবে দিবসটি অনেক ক্ষেত্রেই আলোচনা সভার মধ্যেই সীমাবদ্ধ থেকে যাচ্ছে। একুশের যে ত্যাগ ও আদর্শ, তা সমাজজীবনের প্রতিটি স্তরে প্রতিফলিত হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

মাসুদ সাঈদী বলেন, “আমরা জীবন দিয়েছি, রক্ত দিয়েছি বাংলা ভাষার জন্য। সেখানে হওয়ার কথা ছিল ৮ ফাল্গুন। বর্তমান সরকার জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত একটি সরকার। আমি আশা করি, সরকার বিষয়টি ভেবে দেখবে এবং একুশে ফেব্রুয়ারির পরিবর্তে ৮ ফাল্গুন পালনের বিষয়ে সিদ্ধান্ত নেবে।”

জেলা প্রশাসক আবু সাইদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহমেদ সিদ্দিকীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, শিক্ষক-শিক্ষার্থী এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।