নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : মঙ্গলবার ৩১শে মার্চ ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি: সংগৃহীত
দেশে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শিশুদের সুরক্ষায় নতুন উদ্যোগ নিয়েছে সরকার। বিশেষ ব্যবস্থার আওতায় এখন থেকে ছয় মাস বয়সী শিশুকেও হামের টিকা দেওয়া হবে। জুনের প্রথম সপ্তাহ থেকে শুরু হওয়া এক মাসব্যাপী এই কর্মসূচির মাধ্যমে প্রায় ২ কোটি শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক হালিমুর রশিদ জানান, সোমবার (৩০ মার্চ) জাতীয় টিকাদান কারিগরি পরামর্শক কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বর্তমানে দেশে শিশুদের নয় মাস বয়সে হামের প্রথম ডোজ এবং ১৫ মাসে দ্বিতীয় ডোজ দেওয়া হয়। তবে সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে বিশেষ এই কর্মসূচিতে বয়সসীমা বাড়িয়ে ছয় মাস থেকে ১০ বছর পর্যন্ত শিশুদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
তিনি আরও জানান, কর্মসূচি শুরুর আগে নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হবে এবং নির্ধারিত সময় অনুযায়ী অভিভাবকদের অবহিত করা হবে। এছাড়া আন্তর্জাতিক টিকা সহায়তা জোট গ্যাভি থেকে প্রয়োজনীয় অর্থায়ন, টিকা ও সরঞ্জাম সহায়তা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে টিকা সরবরাহ শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে সিরিঞ্জসহ অন্যান্য উপকরণও পৌঁছে দেওয়া হবে।