নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : রবিবার ২৩শে নভেম্বর ২০২৫, ০১:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, “জামায়াতে ইসলামীর জন্য আজকের এই সুযোগ ভবিষ্যতে আর নাও আসতে পারে।”
শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন সেন্টারে দলটির নির্বাচনি দায়িত্বশীলদের সমাবেশে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
শাহজাহান চৌধুরী বলেন, “দুর্নীতির টাকা বাদ দিলে পার্শ্ববর্তী দেশ হিন্দুস্তান থেকে বস্তায় বস্তায় টাকা দেশে ঢুকবে, আর অস্ত্রও ঢুকবে। আমাদের আমিরে জামায়াত যদি থাকতেন, তাহলে বলতাম— শুধু জনগণই নয়, প্রশাসনিক কর্মকর্তাদেরও আমাদের আওতায় নিতে হবে। আমাদের কথায় তারা চলবে, গ্রেপ্তার-মামলা সবই আমাদের নির্দেশে হবে।”
তিনি আরও বলেন, প্রত্যেক নির্বাচনি এলাকায় প্রাইমারি ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে স্থানীয় প্রশাসন পর্যন্ত সবাইকে দলীয় প্রতীকের পক্ষে কাজ করতে হবে। “পুলিশ আপনার পেছনে থাকবে। ওসি সাহেব আপনার দিনের কর্মসূচি জেনে নেবে। টিএনও (ইউএনও) সাহেব স্থানীয় উন্নয়নের হিসাব নমিনির কাছ থেকেই জানতে চাইবেন,”— মন্তব্য করেন তিনি।
নিজের অতীত ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, “আমি দক্ষিণ জেলায় অনেককে সহযোগিতা করেছি। তখনো আমার প্রার্থিতা ঘোষণা হয়নি। উপদেষ্টাদের সঙ্গে সম্পর্কের কারণে লোহাগাড়ায় ১০০ কোটি, সাতকানিয়ায় ১০০ কোটি টাকার প্রকল্প এবং বাস্তবায়নের জন্য উভয় স্থানে আরও ১০ কোটি করে বরাদ্দ পাওয়া গেছে।”
জনগণকে সম্পৃক্ত করার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, “নির্বাচন শুধু সংগঠন দিয়ে হয় না। সংগঠন আমাদের ভিত্তি হলেও জনগণকে পাশে না পেলে বিজয় কঠিন। বিগত ফ্যাসিস্ট সরকার শুধু নিজেদের লোক নিয়ে দেশ চালাতে চেয়েছিল, ফলে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। সেই কারণেই জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগের নেতারা পদত্যাগ ও দেশত্যাগে বাধ্য হয়েছে।”