নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : বুধবার ২৬শে নভেম্বর ২০২৫, ০১:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে নারীদের বোরকা পরতে বাধ্য করা হবে—এ ধরনের অভিযোগকে ‘ভয় দেখানোর কৌশল’ বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জামায়াত ক্ষমতায় এলে কাউকে কোনো নির্দিষ্ট পোশাক পরতে বাধ্য করা হবে না; বরং নারী–পুরুষ সবার নিরাপত্তা, মর্যাদা ও ন্যায়বিচার নিশ্চিত করাই হবে তাদের প্রতিশ্রুতি।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে রাজধানীর মিরপুরে এক নাগরিক সমাবেশে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের আয়োজন করে ঢাকার মহানগর উত্তর পেশাজীবী পরিষদ।
নারীর ভূমিকা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, নারীরা যোগ্যতা অনুযায়ী দেশগঠনে অংশ নেবেন। তিনি দাবি করেন, বর্তমানে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ক্ষমতায় এলে জামায়াত তাদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করবে।
বোরকা ইস্যু নিয়ে তিনি বলেন, ‘মায়েদের ভয় দেখানো হয়—জামায়াত এলে সবাইকে কালো চাদর পরাবে। ইসলামের বিধানে চোখ খোলা রেখেও চলা যায়, মুখ খোলা রেখেও চলা যায়। কেউ যদি কিছুই না ঢাকেন—জামায়াতে ইসলামী কাউকে জোর করবে না।’ তার মতে, কল্যাণ রাষ্ট্রের সৌন্দর্য দেখলে নারীরাই শালীন পোশাকে আগ্রহী হবেন।
ডা. শফিকুর রহমান বলেন, জনগণ যেন বিবেক অনুযায়ী ভোট দেন এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে দলই ক্ষমতায় আসুক, জামায়াত তাদের অভিনন্দন জানাবে। আর জনগণ জামায়াতকে নির্বাচিত করলে সবার সঙ্গে নিয়ে দেশ পুনর্গঠনের প্রতিশ্রুতি দেন তিনি।
তিনি শিক্ষা–স্বাস্থ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার, দুর্নীতির বিরুদ্ধে লড়াই, ন্যায়বিচার প্রতিষ্ঠা, ভেঙে পড়া অর্থনীতি পুনর্গঠনসহ কাঙ্ক্ষিত সংস্কারের প্রতিশ্রুতি তুলে ধরেন। তার ভাষায়, ‘দুর্নীতি—তোমাকে লাল কার্ড, সন্ত্রাস—তোমাকে কালো কার্ড।’
জামায়াত আমির দাবি করেন, গত সাড়ে ১৫ বছর তাকে লুকিয়ে থাকতে হয়েছে। ‘আমরা ফাঁসির রশি গলায় নিয়েছি, কিন্তু দেশ থেকে পালাইনি’—বলে তিনি অভিযোগ করেন, যারা একসময় ‘পালাই না’ বলতেন, এখন তাদের খুঁজে পাওয়া যায় না।
তিনি সতর্ক করে বলেন, পুরোনো ধাঁচের নির্বাচনে দেশের কল্যাণ সম্ভব নয়। সৎ নেতৃত্বের অভাবেই দেশকে ‘বাগানের মতো সুন্দর’ করা যায়নি বলে মন্তব্য করেন। ১৯৭০ সালের নির্বাচন উদাহরণ টেনে তিনি অতীতের অপূর্ণ প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেন।
যুবকদের ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়ানো’র প্রশংসা করে তিনি আশ্বাস দেন, ভবিষ্যতে তাদের মেধার যথাযথ মূল্যায়ন করা হবে।