নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : বুধবার ১১ই ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
শরীয়তপুরে ভোট বর্জনের আহ্বান জানিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অনুসারীরা রাতের আঁধারে মশাল মিছিল ও দেয়ালে পোস্টার সাঁটিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ছাত্রলীগের অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেইজ ‘বাংলাদেশ স্টুডেন্ট লীগ’ থেকে ভিডিও দুটি প্রকাশ করা হয়।
আপলোড করা ভিডিওর একটিতে প্রায় ১ মিনিট ৬ সেকেন্ড ধরে মশাল মিছিলের দৃশ্য দেখা যায়। অন্য ভিডিওটি ৪৪ সেকেন্ডের, যেখানে কয়েকজন তরুণ মুখে মাস্ক পরে জাজিরা উপজেলা সদর ও বিকেনগর এলাকার বিভিন্ন দেয়ালে পোস্টার সাঁটাতে দেখা যায়।
পোস্টারগুলোতে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেনের ছবি রয়েছে। সেখানে ‘নো ভোট, নো ভোট’, ‘কিসের হ্যাঁ, কিসের না—ভোট দিতেই যাব না’—এমন স্লোগান লেখা দেখা যায়।
অন্য ভিডিওতে ১৫ থেকে ২০ জন তরুণকে হাতে জ্বলন্ত মশাল নিয়ে সড়কে স্লোগান দিতে দিতে মিছিল করতে দেখা যায়। তারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়েও বিভিন্ন মন্তব্য করেন।
এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ বলেন, “ভিডিওগুলো আমরা এখনো দেখিনি। দেখে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”