নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : শনিবার ১৪ই ফেব্রুয়ারি ২০২৬, ১০:০২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
পালিয়ে যাওয়া স্বৈরশাসক ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা-কে বিচারের মুখোমুখি করতে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের অনুরোধ জানাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানিয়েছেন।
শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ভারত সরকারের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির ভিত্তিতেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। পুরো প্রক্রিয়াটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সম্পূর্ণ আইনি পথ অনুসরণ করে সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং বাংলাদেশ আওয়ামী লীগ-এর বিরুদ্ধেও সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। সে কারণে ভারত সরকারের সঙ্গে বিদ্যমান দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া শুরু করা হবে।
নির্বাচন প্রসঙ্গে বিএনপির এ জ্যেষ্ঠ নেতা বলেন, বাংলাদেশের ইতিহাসে এবারের নির্বাচন একটি মাইলফলক। সারা বিশ্ব একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দিকে তাকিয়ে ছিল। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া প্রায় শতভাগ শান্তিপূর্ণ পরিবেশে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে বলে তিনি দাবি করেন। ভোটাররা ভোট দেওয়ার পাশাপাশি ভোটকেন্দ্র পাহারা দিয়ে গণতন্ত্র রক্ষায়ও ভূমিকা রেখেছেন বলে উল্লেখ করেন তিনি।
তিনি আশা প্রকাশ করেন, স্বাধীনতার পর গঠিত সংসদগুলোর মধ্যে এই সংসদই সবচেয়ে বেশি আইন প্রণয়নকারী এবং জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। নতুন সরকারের অগ্রাধিকার হিসেবে আইনের শাসন প্রতিষ্ঠা, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন এবং দুর্নীতি নির্মূলের কথা তুলে ধরেন সালাহউদ্দিন আহমদ।
এ সময় তিনি বলেন, এবারের নির্বাচনে বিএনপির বিজয় প্রত্যাশিত ছিল এবং তারেক রহমান-কে ঘিরে মানুষের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্যণীয় ছিল। নির্বাচনের মাধ্যমে দেশে শক্তিশালী গণতন্ত্রের ভিত্তি রচিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সালাহউদ্দিন আরও বলেন, জুলাই সনদ রাজনৈতিক সমঝোতার প্রতীক এবং তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। তরুণ প্রজন্মের প্রত্যাশা অনুযায়ী মেধানির্ভর ও প্রযুক্তিনির্ভর দেশ গঠনে সবার সহযোগিতা কামনা করেন তিনি।