নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : বুধবার ২৫শে ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
অর্থনীতিবিদ মোস্তাকুর রহমান
বাংলাদেশ ব্যাংক-এর গভর্নর ড. আহসান এইচ মনসুরকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মোস্তাকুর রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
মোস্তাকুর রহমান ১৯৬৬ সালের ১২ মে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়-এর হিসাববিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে ১৯৯২ সালে আইসিএমএবি থেকে সিএমএ ডিগ্রি লাভ করেন। তিনি দেশের বিভিন্ন শিল্প ও ব্যবসায়িক সংগঠনের সঙ্গে যুক্ত। এর মধ্যে রয়েছে বিজিএমইএ, রিহ্যাব, আটাব এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
বর্তমানে তিনি হেরা সুইটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বোর্ড গভর্ন্যান্স, আর্থিক তদারকি, মূলধন কাঠামো, রপ্তানি অর্থায়ন ও বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। এছাড়া তিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-এর সাবেক বোর্ড সদস্য এবং বিজিএমইএ’র বাংলাদেশ ব্যাংক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলেন।
এর আগে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ড. আহসান এইচ মনসুরকে গভর্নর হিসেবে নিয়োগ দেয়। তবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তার বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ওঠে।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের তিন কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ ও পরদিন বদলির আদেশ দেওয়াকে কেন্দ্র করে বুধবার সকাল ১১টা থেকে কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ শুরু করেন। তারা আদেশ প্রত্যাহারের দাবি জানান এবং তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। আন্দোলনের মধ্যেই গভর্নরকে সরিয়ে দেওয়ার খবর আসে।
এর আগে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিন কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়। বদলির মুখে পড়েন বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল, ঢাকার সভাপতি একে এম মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা শ্রাবণ এবং নীল দলের সাধারণ সম্পাদক নওশাদ মোস্তফা। তাদের যথাক্রমে রংপুর, বগুড়া ও বরিশাল কার্যালয়ে বদলি করা হয়।
ডিজিটাল ব্যাংকের লাইসেন্স অনুমোদন ঘিরে সংবাদ সম্মেলন, জরুরি পর্ষদ সভা এবং অভ্যন্তরীণ আদেশ জারি—এসব ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তবে শেষ পর্যন্ত ওই পর্ষদ সভায় ডিজিটাল ব্যাংকের লাইসেন্স অনুমোদন পায়নি।