;

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের নতুন এমডি ভারতীয় প্রকৌশলী রমানাথ পূজারী

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের নতুন এমডি ভারতীয় প্রকৌশলী রমানাথ পূজারী

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের নতুন ম্যানেজিং ডিরেক্টর (এমডি) হলেন ভারতীয় প্রকৌশলী রমানাথ পূজারী। ছবি: সংগৃহীত

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতীয় প্রকৌশলী রমানাথ পূজারী। গতকাল মঙ্গলবার এক আদেশের মাধ্যমে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রটির উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) আনোয়ারুল আজিম।

রমানাথ পূজারী এর আগে একই প্রকল্পে প্রকল্প পরিচালক ও নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশে আসার আগে তিনি ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড-এ কর্মরত ছিলেন। প্ল্যান্ট পরিচালনা, উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশগত নিয়মাবলী নিশ্চিতকরণে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

নতুন এমডি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রকল্প এলাকার টাউনশিপ উন্নয়ন এবং স্থানীয় পর্যায়ে সামাজিক কর্মকাণ্ডে আরও গতি আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

আনোয়ারুল আজিম জানান, রামপাল মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টে দায়িত্ব পালনকালে রমানাথ পূজারী প্ল্যান্টের নির্ভরযোগ্যতা ও দক্ষতা উন্নয়ন এবং পরিবেশগত মান রক্ষায় সক্রিয় ভূমিকা রাখেন। তার সময়ে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পায় এবং স্থানীয় উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচিও বাস্তবায়িত হয়।

উল্লেখ্য, রমানাথ পূজারী ১৯৬৮ সালে ভারতের ওড়িশায় জন্মগ্রহণ করেন। তিনি ভুবনেশ্বরের কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে যন্ত্রকৌশলে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং গুরগাঁওয়ের এমডিআই থেকে এমবিএ সম্পন্ন করেন। এছাড়া আহমেদাবাদের আইআইএম এবং যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিজনেস স্কুল থেকেও উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন।

তিনি ১৯৮৯ সালে এনটিপিসিতে যোগদান করেন এবং ভারতের বিদ্যুৎ খাতে তার প্রায় ৩৬ বছরের অভিজ্ঞতা রয়েছে বলে জানা গেছে।