;

রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মাদরাসাছাত্র নিহত

রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মাদরাসাছাত্র নিহত

যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক মাদরাসাছাত্র নিহত হয়েছে। প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদরাসাছাত্র নিহত হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে কাজলা স্কুল গলিতে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় মাহিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনরা জানান, মাহিম কিশোরগঞ্জ সদরের দিন ইসলামের ছেলে। সে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় বসবাস করত এবং স্থানীয় একটি মাদরাসার হেফজ বিভাগে পড়াশোনা করছিল।

মাহিমের ভগ্নিপতি মো. রাফি বলেন, “রোববার রাতে কাজলা স্কুল গলিতে কয়েকজন কিশোর মাহিমকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

তবে কী কারণে মাহিমকে ছুরিকাঘাত করা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেননি স্বজনরা।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।