;

পর্যবেক্ষকদের সততার ওপরই নির্ভর সুষ্ঠু নির্বাচন: সিইসি

পর্যবেক্ষকদের সততার ওপরই নির্ভর সুষ্ঠু নির্বাচন: সিইসি

ছবি সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশনের (ইসি) মূল লক্ষ্য একটাই—একটি ক্রেডিবল ও স্বচ্ছ নির্বাচন আয়োজন করা। তিনি বলেন, “পর্যবেক্ষকদের মাধ্যমে নির্বাচনকে দেখতে চায় ইসি। তারা যদি অসততা দেখায়, তবে নির্বাচন সুষ্ঠু হবে না।”

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ৮১টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন সিইসি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে এ সংলাপ আয়োজন করা হয়। সকাল ও বিকেল—দুই পর্বে সংলাপ অনুষ্ঠিত হচ্ছে।

সভায় সিইসি বলেন, “অতীতের ভুলভ্রান্তি ভুলে সেখান থেকে শিক্ষা নিয়ে সামনে এগোতে চায় ইসি।”
তিনি আরও বলেন, “বাংলাদেশিরা খুবই রাজনৈতিকভাবে সচেতন। তাই পর্যবেক্ষকদের অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে।”

সিইসি নাসির উদ্দিন আরও বলেন, “আমেরিকার বাস্তবতায় বাংলাদেশকে বিচার করলে হবে না। আমাদের নিজের বাস্তবতা অনুযায়ী কাজ করতে হবে।”

ইসি সচিবালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক জানান, নির্বাচন কমিশনের চলমান সংলাপের অংশ হিসেবে মঙ্গলবার দুই দফায় মোট ৮১টি পর্যবেক্ষক সংস্থার সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হচ্ছে। সকাল সাড়ে ১০টা থেকে প্রথম দফায় ৪০টি এবং দুপুর ২টা থেকে দ্বিতীয় দফায় ৪১টি সংস্থার সঙ্গে আলোচনা হয়।

সংলাপে সিইসির পাশাপাশি অন্যান্য নির্বাচন কমিশনার এবং ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।