নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
জাতীয় পার্টির (জাপা) শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত রংপুরে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় ধাক্কা খেয়েছে জাতীয় পার্টি। সারা দেশে ১৯৬টি আসনে প্রার্থী দিলেও কোথাও জয় পায়নি দলটির লাঙল প্রতীকের প্রার্থীরা। চার দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে এমন ভরাডুবির মুখে দলটি আগে পড়েনি।
নির্বাচনের ঘোষিত বেসরকারি ফলাফলে দেখা গেছে, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের রংপুর-৩ (সিটি করপোরেশন ও সদর) আসনে তৃতীয় হয়েছেন। একইভাবে দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী গাইবান্ধা-১ আসনেও তৃতীয় স্থান অর্জন করেছেন। ফলে দলটির শীর্ষ নেতারাও নিজ নিজ আসনে প্রত্যাশিত ফল অর্জন করতে পারেননি।
এদিকে দলটির এই ভরাডুবিকে কেন্দ্র করে রংপুরজুড়ে শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। এর মধ্যেই একটি ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে, যা ঘিরে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, সামনে একটি লাঙল রেখে তার জানাজার নামাজ পড়া হচ্ছে। কয়েকটি ফেসবুক পেজে ছবিটি শেয়ার করে লেখা হয়েছে, ‘রংপুরের মাটিতে আনুষ্ঠানিকভাবে লাঙলের জানাজা সম্পন্ন হলো।’ তবে ছবিটি কোথায় এবং কবে তোলা হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।
উল্লেখ্য, রংপুর শহরই জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ–এর নিজ এলাকা। ফলে এ অঞ্চলে বরাবরই লাঙল প্রতীকের শক্ত ভোটব্যাংক ছিল। কিন্তু এবারের নির্বাচনে সেই চিত্রে বড় পরিবর্তন দেখা গেছে। বিভিন্ন আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কাছে পিছিয়ে পড়ে জাতীয় পার্টি কোনো আসনেই জয়লাভ করতে পারেনি, যা দলটির জন্য বড় রাজনৈতিক ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে।