;

কোনো বুদ্ধিজীবী গ্যাংয়ের নামজপ ছাড়াই খালেদা জিয়া হয়ে উঠেছেন ‘ঐক্যের প্রতীক’: ফারুকী

কোনো বুদ্ধিজীবী গ্যাংয়ের নামজপ ছাড়াই খালেদা জিয়া হয়ে উঠেছেন ‘ঐক্যের প্রতীক’: ফারুকী

ছবি সংগৃহীত

কালচারাল সফট পাওয়ার বা কোনো বুদ্ধিজীবী গোষ্ঠীর সমর্থন ছাড়াই খালেদা জিয়া আজ মানুষের কাছে বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিফাইং ক্যারেক্টার হয়ে উঠেছেন বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বিষয়টি তিনি গণমানুষের জন্য ‘আশীর্বাদ’ বলেও অভিহিত করেন। শুক্রবার (২৮ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

ফারুকী লিখেছেন, ‘আমার নিউজফিডজুড়ে খালেদা জিয়ার জন্য মানুষের দোয়া। আর এই পোস্টগুলো কোনো নির্দিষ্ট দলের নয়। একজন মানুষের জীবনে এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে?’ তিনি আরও প্রার্থনা করেন, খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে বাসায় ফিরতে পারেন এবং বাংলাদেশের গণতান্ত্রিক ট্রানজিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

রাজধানীর একটি হাসপাতালের সিসিইউতে ‘অত্যন্ত সংকটাপন্ন’ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
ফুসফুসে সংক্রমণ ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর দেখা দেয় নিউমোনিয়া। এর পাশাপাশি দীর্ঘদিনের কিডনি, লিভার, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসজনিত জটিলতা পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। এক রোগের চিকিৎসা আরেকটিতে প্রভাব ফেলায় সামগ্রিক অবস্থার উন্নতি বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য অনুপ্রেরণা। তার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ এ ছাড়া তিনি নিয়মিত চিকিৎসকদের কাছ থেকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার আপডেট নিচ্ছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন।

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে ‘অত্যন্ত সংকটময়’। বাদ জুমা নয়াপল্টনে দোয়া ও মোনাজাত শেষে তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া সারাজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, নির্যাতিত হয়েছেন। গত দুদিন ধরে তিনি হাসপাতালে ভর্তি। ডাক্তাররা জানিয়েছেন, তার পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন।’