নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : বুধবার ২৬শে নভেম্বর ২০২৫, ১০:১১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
দখলদার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে চাপ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুবরাজ সরাসরি ‘না’ জানালে ট্রাম্প ক্ষুব্ধ ও হতাশ হন বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল–১২।
চ্যানেল–১২ দুইজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানায়, গত সপ্তাহে হোয়াইট হাউজে অনুষ্ঠিত বৈঠকে এই বিষয়টি নিয়ে দুই নেতার মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়।
প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প সৌদি–ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণের বিষয়টি আলোচনায় তোলেন এবং যুবরাজকে এই প্রক্রিয়া শুরু করার আহ্বান জানান। জবাবে মোহাম্মদ বিন সালমান জানান, তিনি সম্পর্ক গড়তে আগ্রহী হলেও বর্তমান পরিস্থিতিতে তা সম্ভব নয়।
তিনি উল্লেখ করেন, গাজায় দুই বছরের বেশি সময় ধরে ইসরায়েলের ‘বর্বর যুদ্ধের’ পর সৌদি সমাজে ইসরায়েলবিরোধী অবস্থান অত্যন্ত প্রবল। তাই এই মুহূর্তে সম্পর্ক স্বাভাবিক করা বাস্তবসম্মত নয়।
মার্কিন কর্মকর্তাদের ভাষ্যমতে, যুবরাজ বৈঠকে কখনও বলেননি যে তিনি ভবিষ্যতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করবেন না। বরং তিনি ভবিষ্যতের জন্য ‘দরজা খোলা’ রেখেছেন, যদিও দ্বি-রাষ্ট্র সমাধান এখনো বড় বাধা।
এ বিষয়ে সৌদি দূতাবাস কোনো মন্তব্য করেনি। অপরদিকে হোয়াইট হাউজ জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যপ্রাচ্যের সব দেশকে আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
সূত্র: চ্যানেল–১২, টাইমস অব ইসরায়েল