;

ইফতারে কোন কোন মসজিদে বিরিয়ানি দেবে জানাবে অ্যাপ

ইফতারে কোন কোন মসজিদে বিরিয়ানি দেবে জানাবে অ্যাপ

ছবি সংগৃহীত

বাঙালির কাছে বিরিয়ানি শুধু একটি খাবার নয়, একরকম আবেগ। উৎসব কিংবা বিশেষ দিন—এক প্লেট গরম ধোঁয়া ওঠা বিরিয়ানি যেন মনটাই ভরে দেয়। রমজান মাসে ইফতারের টেবিলে অনেকেই এই প্রিয় পদটি রাখতে চান।

সারাবছর ঘরে কিংবা রেস্টুরেন্টে বিরিয়ানি-তেহারি খেলেও রোজার মাসে মসজিদে ইফতারে দেওয়া বিরিয়ানি নিয়ে থাকে আলাদা আগ্রহ। প্রতি বছর বিষয়টি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায় নানা মজার পোস্ট ও মিম।

চলতি বছরের রোজার শুরুতেই এই জনপ্রিয়তাকে ভিন্ন মাত্রা দিয়েছেন এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। ‘বিরিয়ানি দিবে’ নামের একটি অ্যাপ ডেভেলপ করে আলোচনায় এসেছেন আব্দুল্লাহ আল জুবায়ের প্রিন্স।

তিনি রাজধানীর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়নরত।

জানা গেছে, অ্যাপ ও ওয়েবসাইটে লাইভ লোকেশন যুক্ত করার সুবিধা রয়েছে। ফলে কেউ চাইলে সেখানে ভিজিট করে জানতে পারবেন—কোথায়, কোন মসজিদে ইফতারে বিরিয়ানি দেওয়া হচ্ছে। এতে ব্যবহারকারীরা সহজেই তথ্য শেয়ার করতে পারবেন এবং অন্যরাও সেই তথ্য দেখতে পারবেন।

নিজের উদ্যোগ প্রসঙ্গে জুবায়ের বলেন, “এটি আসলে একটি মজার প্রজেক্ট। এখানে লাইভ লোকেশন অ্যাড করা যায় ওয়েবসাইট ও অ্যাপে। যে কেউ চাইলে ভিজিট করে বিরিয়ানি খাওয়ার সুযোগের তথ্য পেতে পারে।”

তার এই অভিনব উদ্যোগ ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে।