নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : রবিবার ২২শে ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
সরকার দেশের দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের জন্য নতুন সামাজিক সুরক্ষা উদ্যোগ হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করতে যাচ্ছে। পাইলট প্রকল্প হিসেবে প্রথম ধাপ শুরু করার প্রস্তুতি চলছে। এই কার্ডের মাধ্যমে পরিবারগুলোর নারী সদস্য বা গৃহকর্তার হাতে সরাসরি নগদ অর্থ সহায়তা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য।
সমাজকল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ফ্যামিলি কার্ডের আওতায় দেওয়া সহায়তা দেশের বিদ্যমান অন্যান্য সামাজিক ভাতার তুলনায় বেশি হবে। একই সঙ্গে সরকারি সহায়তা বিতরণে অনিয়ম ও মধ্যস্বত্বভোগীর সুযোগ কমিয়ে আনতে কেন্দ্রীয় ডেটাবেস ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র
ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করতে পরিবারের তথ্য সংগ্রহ ও যাচাইয়ের উদ্দেশ্যে একটি কেন্দ্রীয় ডেটাবেস তৈরি করা হবে। যদিও পূর্ণাঙ্গ আবেদন কার্যক্রম এখনো শুরু হয়নি, তবে প্রাথমিকভাবে আবেদনকারীদের নিচের তিনটি কাগজপত্র প্রস্তুত রাখতে বলা হয়েছে—
১. আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি)
২. পাসপোর্ট সাইজের রঙিন ছবি
৩. একটি সচল মোবাইল নম্বর
পাইলট প্রকল্প শেষ হলে ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা কাউন্সিলর কার্যালয় থেকে সরাসরি আবেদন ফর্ম সংগ্রহ করা যাবে। পাশাপাশি ঘরে বসে আবেদন করার সুবিধা দিতে একটি অনলাইন পোর্টাল চালুর প্রস্তুতিও নিচ্ছে সরকার।