;

রাজধানীতে লেগুনা-বাস সংঘর্ষে নিহত ২

রাজধানীতে লেগুনা-বাস সংঘর্ষে নিহত ২

ছবি সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকার জুরাইন হুন্ডিগড় এলাকায় লেগুনা ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন—মো. আজিজুল ইসলাম (৫৮) ও মো. সাইফুল ইসলাম (৫৫)।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক সকাল সাড়ে ১০টার দিকে তাদের মৃত ঘোষণা করেন।

আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী মো. খোকন জানান, জুরাইন হুন্ডিগড় এলাকায় লেগুনা ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন গুরুতর আহত হন। পরে দ্রুত তাদের ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মো. আজিজুল ইসলাম একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তিনি ৩৩/১২ সতীশ সরকার রোড এলাকার বাসিন্দা। তার বাবার নাম এম এ সালাম মৃধা। অপর নিহত মো. সাইফুল ইসলামের গ্রামের বাড়ি সোনাইমুড়ি উপজেলা, নোয়াখালী জেলা। তার বাবার নাম লোকমান খোন্দকার। বর্তমানে তিনি গেন্ডারিয়ার ডিআইটি মসজিদ এলাকায় পরিবারসহ বসবাস করতেন এবং পেশায় মোটর পার্টস ব্যবসায়ী ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প-এর ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।