;

রেকর্ড গড়লেন, শিরোপা জিতলেন, মায়ামিকে আরেকটা ইতিহাসের কাছে নিয়ে গেলেন মেসি

রেকর্ড গড়লেন, শিরোপা জিতলেন, মায়ামিকে আরেকটা ইতিহাসের কাছে নিয়ে গেলেন মেসি

ছবি সংগৃহীত

ইউরোপ ছেড়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার দুই বছরের বেশি সময় অপেক্ষার পর অবশেষে এমএলএস কাপ জয়ের সুযোগ পাচ্ছেন লিওনেল মেসি। এমএলএস কাপ ফাইনালে ওঠার পথে আজ রোববার ইন্টার মায়ামির হয়ে আরও একটি শিরোপা জিতেছেন আর্জেন্টাইন অধিনায়ক।

এমএলএস প্লে-অফে ইস্টার্ন কনফারেন্সের ফাইনালে নিউইয়র্ক সিটিকে ৫-১ ব্যবধানে উড়িয়ে একদিকে যেমন শিরোপা উৎসব করেছে মায়ামি, একই সঙ্গে প্রথমবারের মতো এমএলএস কাপ ফাইনালেও উঠেছে হাভিয়ের মাচেরানোর দল। আগামী বুধবার রাতে এমএলএস কাপের শিরোপা নির্ধারণীতে ওয়েস্টার্ন প্লে-অফ চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে মায়ামি।

আজকের আগেই ফুটবল ইতিহাসে সর্বাধিক ৪৬ শিরোপা জয়ের কীর্তি ছিল মেসির। শিরোপার সংখ্যা বাড়িয়ে আজ ৪৭-এ নিয়ে গেলেন মেসি।

মায়ামির আজকের বড় জয়ে অবশ্য কোনো গোল পাননি আর্জেন্টাইন অধিনায়ক। তবে আরেক আর্জেন্টাইন তাদিও আলেনদে হ্যাটট্রিক করেছেন। মায়ামির অন্য গোল দুটি মাতেও সিলভেত্তি ও তেলাস্কো সেগোভিয়ার।

গোল না পেলেও একটি গোলে অ্যাসিস্ট করেছেন মেসি। আর তাতেও রেকর্ড বইয়ে নাম উঠেছে ৩৮ বছর বয়সী এ কিংবদন্তির। ফুটবল ইতিহাসে এককভাবে সর্বোচ্চ ৪০৫টি অ্যাসিস্ট এখন আর্জেন্টাইন মহাতারকার। এতদিন রেকর্ডটা ছিল সাবেক হাঙ্গেরিয়ান কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাসের (৪০৪) দখলে। এমএলএস প্লে-অফের সেমিফাইনালে সিনসিনাটির বিপক্ষে এক গোল ও তিন অ্যাসিস্ট করে পুসকাসের রেকর্ড স্পর্শ করেন মেসি। আজ তাঁকে ছাড়িয়ে গেলেন আট বারের বালন দ’র জয়ী এ তারকা।

চেইজ স্টেডিয়ামে আজ ম্যাচের প্রথম ১০ মিনিট দুদলই আক্রমণ-পাল্টা আক্রমণ চালায়। তবে ১০ মিনিট পেরোতেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় মায়ামি। ১৪ মিনিটে সের্হিও বুসকেতসের লম্বা করে বাড়ানো বলে ডানপ্রান্ত দিয়ে আক্রমণে উঠে জোরাল শটে জালে বল জড়ান আলেনদে। ৯ মিনিট পর ইয়র্দি আলবার দূরপাল্লার মাপা ক্রসে দারুণ এক হেডে স্কোরলাইন ২-০ করেন ২৬ বছর বয়সী এ আর্জেন্টাইন রাইট উইঙ্গার।

৩৭ মিনিটে অবশ্য একটা গোল ফেরত দেয় নিউ ইয়র্ক। তবে বিরতির পর আবারও গোল উদযাপন অব্যাহত রাখে মায়ামি। ৬৭ মিনিটে মেসির রেকর্ডগড়া অ্যাসিস্টে স্কোরলাইন ৩-১ করেন সিলভেত্তি। ৮৩ মিনিটে আলবার ব্যাকহিল পাসে ব্যবধান আরও বাড়ান সেগোভিয়া। আর নির্ধারিত সময়ের এক মিনিট আগে মায়ামির পঞ্চম ও নিজের হ্যাটট্রিক গোলটি আদায় করেন আলেনদে।