নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : বুধবার ১৪ই জানুয়ারি ২০২৬, ০২:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা ইন্তেকাল করেছেন। বুধবার সকাল ৭টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে।
ফেরদৌস আরা ৩৬তম বিসিএসের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন। সহকারী কমিশনার হিসেবে তার কর্মজীবন শুরু হয় বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে। সর্বশেষ তিনি ২০২৫ সালের ৯ জানুয়ারি বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।
ব্যক্তিজীবনে ফেরদৌস আরার পৈতৃক নিবাস চাঁদপুর জেলায়, তবে তার জন্ম ঢাকা জেলায়। তার শ্বশুরবাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলায়। তিনি একজন শিক্ষককে বিয়ে করেছিলেন এবং এক কন্যা সন্তানের জননী ছিলেন।
তার মৃত্যুর বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন দে জানান, “আসলে কী কারণে তার এমন অবস্থা হয়েছিল, তা নিশ্চিতভাবে জানা যায়নি। মঙ্গলবার তার প্রচণ্ড মাথাব্যথা হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থাতেই বুধবার সকালে তিনি মারা যান।”
ফেরদৌস আরার আকস্মিক মৃত্যুতে প্রশাসন ও সহকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।