;

গুলশানে বার ড্যান্সার তরুণীকে গলাকেটে হত্যা

গুলশানে বার ড্যান্সার তরুণীকে গলাকেটে হত্যা

ছবি সংগৃহীত

রাজধানীর গুলশান এলাকায় একটি বাসা থেকে সাদিয়া রহমান মীম (২৭) নামে এক তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে খবর পেয়ে পশ্চিম কালাচাঁদপুর এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে দ্বিতীয় তলার মেঝে থেকে রক্তাক্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিহত সাদিয়া রহমান মীম পেশায় বার ড্যান্সার ছিলেন। পাশাপাশি তিনি একটি পার্লারের ব্যবসাও করতেন। তাঁর বাড়ি টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলার মুশুদ্দি পশ্চিমপাড়ায়। তাঁর বাবা শহীদ আলী ইতোমধ্যে মারা গেছেন।

গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক আলম জানান, কালাচাঁদপুর পশ্চিমপাড়া পাকা মসজিদ এলাকার ৮৯ নম্বর বাড়ির বি-২ ফ্ল্যাটে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, মীমের গলায় ধারালো অস্ত্রের আঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন অংশেও আঘাতের আলামত পাওয়া গেছে।

পুলিশ আরও জানায়, ওই ফ্ল্যাটে মীমের সঙ্গে আরেক তরুণী বসবাস করতেন। তবে মরদেহ উদ্ধারের সময় তাঁকে সেখানে পাওয়া যায়নি। তাঁর অবস্থান শনাক্তসহ ঘটনার সব দিক গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।

গুলশান থানার এক উপ-পরিদর্শকের সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শুক্রবার দুপুর থেকে শনিবার রাতের মধ্যে যেকোনো এক সময় মীমকে জবাই করে এবং একাধিকবার কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের আগে তিনি ধর্ষণের শিকার হয়েছিলেন কি না, তা জানতে ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য চিকিৎসকদের কাছে মতামত চাওয়া হয়েছে।

মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।