;

শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে প্রস্তুত প্রশাসন: স্বরাষ্ট্র উপদেষ্টা

শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে প্রস্তুত প্রশাসন: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবারের জাতীয় সংসদ নির্বাচনে ভোটের পরিবেশ নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই। শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভোট কারচুপির কোনো আশঙ্কা নেই। কোথাও কোনো অনিয়ম বা কারচুপির চেষ্টা হলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে সাংবাদিকসহ সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, নির্বাচনটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। এটি একটি বিশ্বাসযোগ্য (ক্রেডিবল) নির্বাচন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কোথায় কী ধরনের ব্যবস্থা দরকার, সে অনুযায়ী পরিকল্পনা রয়েছে। আজকের মতবিনিময় সভাতেও এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

তিনি পুনর্ব্যক্ত করে বলেন, এবারের নির্বাচন হবে একটি ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন।