;

কেন্দ্র দখল করলেই ভোট বন্ধ: আইজিপি

কেন্দ্র দখল করলেই ভোট বন্ধ: আইজিপি

ছবি সংগৃহীত

কোনো ভোটকেন্দ্রে মব সৃষ্টি করে কেন্দ্র দখল বা ব্যালটে সিল মারার চেষ্টা হলে শুধু ওই কেন্দ্র নয়, সংশ্লিষ্ট পুরো আসনের ভোট গ্রহণ স্থগিত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

মঙ্গলবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

আইজিপি বলেন, কোনো কেন্দ্রে মব তৈরির চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এসব স্তর হলো—ভোটকেন্দ্র, ভ্রাম্যমাণ ফোর্স ও স্ট্রাইকিং ফোর্স। এ কাজে দায়িত্ব পালন করবে মোট ১ লাখ ৮৭ হাজার পুলিশ সদস্য।

তিনি জানান, ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ২৪ হাজারের বেশি ভোটকেন্দ্রে বডি ওর্ন ক্যামেরার পাশাপাশি ড্রোন ব্যবহৃত হবে। এছাড়া মোট ভোটকেন্দ্রের প্রায় ৯০ শতাংশে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

আইজিপি বাহারুল আলম আরও বলেন, এখন পর্যন্ত ২৭ হাজার ৯৯৫টি বৈধ অস্ত্র জমা পড়েছে। তবে প্রায় আড়াই হাজার অবৈধ অস্ত্র এখনও উদ্ধার করা বাকি রয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে।

নির্বাচনে জঙ্গি হামলার আশঙ্কা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, কেরাণীগঞ্জের ঘটনার পর সারাদেশে জঙ্গিদের নেটওয়ার্ক ভেঙে দেওয়া হয়েছে। নির্বাচনী প্রচারণায় হামলার পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়ন করতে পারেনি তারা।

সংবাদ সম্মেলনে আইজিপি আশ্বস্ত করে বলেন, রাজনৈতিক প্রভাবমুক্ত থেকেই পুলিশ এবারের নির্বাচনে দায়িত্ব পালন করবে। তিনি আরও বলেন, এবারের নির্বাচন পুলিশের জন্য জনগণের আস্থা পুনরুদ্ধারের একটি বড় সুযোগ।