;

মেসির জোড়া গোলে প্লে-অফে ইন্টার মায়ামির দারুণ জয়

মেসির জোড়া গোলে প্লে-অফে ইন্টার মায়ামির দারুণ জয়

ছবি সংগৃহীত

মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন লিওনেল মেসি। ন্যাশভিলের বিপক্ষে জোড়া গোল করে ইন্টার মায়ামিকে ৩–১ গোলের জয় এনে দিয়েছেন আর্জেন্টাইন এই মহাতারকা।

শনিবার ভোরে মায়ামির ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় ডেভিড বেকহামের মালিকানাধীন দলটি। ম্যাচের ১৯ মিনিটে লুইস সুয়ারেজের নিখুঁত ক্রসে হেড করে গোল করেন মেসি—যা তার ক্যারিয়ারের ৮৯০তম এবং হেডে ২৯তম গোল।

বিরতির পরও মায়ামির দাপট অব্যাহত থাকে। ৬২ মিনিটে তাদেও আলেন্দের গোলে ব্যবধান বাড়ায় দলটি, যেখানে ভূমিকা ছিল মেসিরও। যোগ করা সময়ের ৬ মিনিটে (৯০+৬) আবারও গোল করে জয় নিশ্চিত করেন ৩৭ বছর বয়সী আর্জেন্টাইন তারকা। ন্যাশভিলের হ্যানি মুখতার যোগ করা সময়ের শেষ দিকে একটি গোল শোধ করলেও তা পরাজয় এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।

এই জোড়া গোলের সুবাদে এমএলএসে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন মেসি। এখন পর্যন্ত তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৩৯টি, যা ডেনিস বোয়াঙ্গা ও কার্লোস ভেলাকে পেছনে ফেলেছে।

ম্যাচের আগে এমএলএস কমিশনার ডন গারবারের কাছ থেকে গোল্ডেন বুট হাতে পান মেসি। চলতি মৌসুমে তিনি ২৮ ম্যাচে করেছেন ২৯ গোল ও ১৯টি অ্যাসিস্ট।

তিন ম্যাচের সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেছে ইন্টার মায়ামি। দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে ২ নভেম্বর ভোরে ন্যাশভিলের মাঠ গিওডিস পার্কে। জয় পেলে দলটি উঠবে ইস্টার্ন কনফারেন্স সেমিফাইনালে। প্রয়োজনে তৃতীয় লেগ হবে ৮ নভেম্বর মায়ামির মাঠে।