;

জনগণ বিশ্বাস-ভালোবাসা দেখিয়েছে, এবার প্রতিদানের পালা: তারেক রহমান

জনগণ বিশ্বাস-ভালোবাসা দেখিয়েছে, এবার প্রতিদানের পালা: তারেক রহমান

ছবি সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের জনগণ বিএনপির প্রতি যে বিশ্বাস ও ভালোবাসা দেখিয়েছে, এবার সেই বিশ্বাসের প্রতিদান দেওয়ার পালা।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল-এ আয়োজিত বিএনপির নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, স্বাধীনতার ঘোষকের প্রতিষ্ঠিত বিএনপিকে দেশের জনগণ আবারও রাষ্ট্র পরিচালনার ম্যান্ডেট দিয়েছে। জনগণের এই বিশ্বাস ও ভালোবাসার প্রতিদান দিতে মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করতে হবে। এজন্য দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, শত নির্যাতন-নিপীড়নের পরও নেতাকর্মীরা রাজপথ ছাড়েননি এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে অটুট ছিলেন। এখন দেশ পুনর্গঠনের সময় এসেছে এবং এই যাত্রায় সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার এ বিজয় শান্তিপূর্ণ ও দায়িত্বশীলভাবে উদযাপন করা হয়েছে। নির্বাচনোত্তর সময়ে যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য সারাদেশে নেতাকর্মীদের শান্ত ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, কোনো অপশক্তি যাতে পরিস্থিতির সুযোগ নিতে না পারে, সে কারণে নিরঙ্কুশ বিজয়ের পরও তিনি সারাদেশে বিএনপি ও জোটভুক্ত দলের নেতাকর্মীদের বিজয় মিছিল থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছিলেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ের মাধ্যমে বিজয় উদযাপন করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার কারণে কোথাও কোথাও ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়ে থাকতে পারে। তবে এসব বিরোধ যেন প্রতিশোধ বা প্রতিহিংসায় রূপ না নেয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

গণতন্ত্রকামী জনগণের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, যেভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে সবাই ভূমিকা রেখেছেন, একইভাবে দুর্নীতি দমন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং জনগণের প্রতি জবাবদিহিতা নিশ্চিত করে একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।

বক্তব্যের শেষে বিশ্বের গণতান্ত্রিক শক্তি, প্রবাসী বাংলাদেশি এবং দেশের স্বাধীনতাপ্রিয় জনগণের প্রতি বিজয়ের অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান বিএনপি চেয়ারম্যান।