;

আল আকসা মসজিদের ভেতর থেকে ইমামকে গ্রেফতার করেছে ইসরায়েল

আল আকসা মসজিদের ভেতর থেকে ইমামকে গ্রেফতার করেছে ইসরায়েল

ছবি সংগৃহীত

পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণ থেকে ইমাম শাইখ মোহাম্মদ আল-আব্বাসি–কে গ্রেফতার করেছে ইসরায়েলি পুলিশ। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, মসজিদের ভেতর থেকেই তাকে আটক করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে পুরোনো শহর এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় মসজিদের প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়। তবে গ্রেফতারের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ইসরায়েলি পুলিশ।

ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে আল-আকসা মসজিদকে কেন্দ্র করে ইসরায়েলি বিধিনিষেধ আরও কঠোর করা হয়েছে। ইমাম, খতিব ও মুসল্লিদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে এবং অনেক ক্ষেত্রে প্রবেশেও সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। একইসঙ্গে পুলিশের নিরাপত্তায় বসতি স্থাপনকারীদের মসজিদ প্রাঙ্গণে প্রবেশের ঘটনাও বেড়েছে বলে অভিযোগ রয়েছে।

পবিত্র মাহে রমজান শুরুর প্রাক্কালে এমন পদক্ষেপে মুসলিমদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এর আগে শেখ একরিমা সাবরি অভিযোগ করেন, রমজান মাসে মুসলিমদের মসজিদে প্রবেশ সীমিত করার পরিকল্পনা করছে বেনিয়ামিন নেতানিয়াহু প্রশাসন।

এদিকে, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এক বিবৃতিতে জানিয়েছে, শাইখ আল-আব্বাসির ওপর মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সংগঠনটির দাবি, এটি আল-আকসা মসজিদের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ এবং ধর্মীয় স্বাধীনতার ওপর আঘাত। তারা আরও অভিযোগ করেছে, রমজানকে সামনে রেখে মসজিদে প্রয়োজনীয় প্রস্তুতি ও কার্যক্রমেও বাধা দেওয়া হচ্ছে।

পবিত্র এই স্থানকে ঘিরে উত্তেজনা বৃদ্ধির ফলে জেরুজালেম অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে উঠেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।