;

তারাবি পড়ে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে প্রাণ গেলো চিকিৎসকের

তারাবি পড়ে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে প্রাণ গেলো চিকিৎসকের

ছবি সংগৃহীত

যশোর জেলার শার্শা উপজেলার নাভারন এলাকায় তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আল-আমিন (৩৫) নামে এক চিকিৎসক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বারিপোতা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আল-আমিন স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন এবং সাধারণ মানুষের কাছে একজন সেবাপরায়ণ চিকিৎসক হিসেবে পরিচিত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আল-আমিন। এ সময় পথে ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হাসান জানান, তিনি বর্তমানে ছুটিতে রয়েছেন। তবে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বিষয়টি দেখছেন এবং তিনি জেনেছেন নামাজ শেষে ফেরার পথেই এ হত্যাকাণ্ড ঘটেছে।

অন্যদিকে, শার্শা থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হত্যার কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হবে বলে তিনি জানান।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।