;

দুর্ধর্ষ অভিযানে গোলাগুলি: এক রাতে ২৯ কোটি টাকারও বেশির ইয়াবা জব্দ করল বিজিবি

দুর্ধর্ষ অভিযানে গোলাগুলি: এক রাতে ২৯ কোটি টাকারও বেশির ইয়াবা জব্দ করল বিজিবি

ছবি সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপজেলার মিয়ানমার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানের সময় সশস্ত্র মাদক কারবারীদের সঙ্গে বিজিবি সদস্যদের কয়েক দফায় গুলি বিনিময়ের ঘটনাও ঘটে। বিজিবির দাবি, সাম্প্রতিক সময়ে এটি বড় ধরনের ইয়াবা জব্দের একটি ঘটনা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) টেকনাফ ৬৪ বিজিবি ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ১৮ ফেব্রুয়ারি দিবাগত রাতে হ্নীলা ও হোয়াইক্যং সীমান্তে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। গভীর রাতে টেকনাফ ব্যাটালিয়নের একটি যৌথ টহল দল হ্নীলা বিওপি এলাকায় অবস্থান নেয়। রাত ১টার দিকে ৮ থেকে ১০ জনের একটি দল সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে।

সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় পলায়নরতদের লক্ষ্য করে সরাসরি গুলি চালানো হয়নি বলে জানান তিনি। তবে পরে ইয়াবার চালান লেনদেনের সময় একটি সশস্ত্র দলের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশ নৌবাহিনী, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এবং পুলিশের সহায়তায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।

মাদক কারবারিরা পালিয়ে গেলে অভিযান শেষে নাফ নদী ও বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে ৭ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া একই রাতে হোয়াইক্যং বিওপি এলাকার মনিরঘোনা এলাকায় পৃথক অভিযানে উখিয়া ব্যাটালিয়নের একটি টহল দল আরও ২ লাখ ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করে।

বিজিবি জানায়, উদ্ধার করা ইয়াবাগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২৯ কোটি টাকারও বেশি। উদ্ধারকৃত ইয়াবাগুলো টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ব্যাটালিয়ন অধিনায়ক।