;

ভারতে চলন্ত গাড়ির ওপর ধসে পড়লো মেট্রোরেলের পিলার, নিহত ১

ভারতে চলন্ত গাড়ির ওপর ধসে পড়লো মেট্রোরেলের পিলার, নিহত ১

ছবি সংগৃহীত

ভারতের মুম্বাই শহরে নির্মাণাধীন মেট্রো রেললাইনের একটি পিলারের অংশ ধসে একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে মুলুন্ড (পশ্চিম) এলাকার এলবিএস রোডে এ দুর্ঘটনা ঘটে।

মুম্বাই ফায়ার ব্রিগেড জানিয়েছে, মেট্রো লাইন–৪-এর নির্মাণাধীন ভায়াডাক্টের একটি প্যারাপেট সেগমেন্টের কংক্রিটের অংশ, যার আকার ছিল প্রায় ৬ ফুট বাই ৪ ফুট, হঠাৎ ভেঙে নিচে পড়ে। এ সময় একটি চলন্ত অটোরিকশা ও একটি গাড়ির ওপর সেটি আছড়ে পড়ে।

দুর্ঘটনার পর আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে রামধন যাদব নামে একজনকে মৃত ঘোষণা করা হয়। আহতদের মধ্যে রাজকুমার ইন্দ্রজিৎ যাদব (৪৫) আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া মহেন্দ্র প্রতাপ যাদব (৫২) ও দীপা রুহিয়া (৪০) নামে আরও দুজনের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।

ঘটনার পরপরই ফায়ার ব্রিগেড, পুলিশ, মেট্রো কর্তৃপক্ষ, ওয়ার্ড প্রশাসন এবং জরুরি অ্যাম্বুলেন্স সেবার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। নিরাপত্তার স্বার্থে পুরো এলাকা ঘিরে ফেলা হয় এবং ব্যস্ত এলবিএস রোডে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ রাখা হয়।

মুলুন্ডের বিধায়ক মিহির কোটেচা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ঋতু তাওড়ে বলেন, প্যারাপেট সেগমেন্টটি মাত্র একদিন আগে স্থাপন করা হয়েছিল এবং নিরাপত্তার জন্য ওই অংশটি ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা উচিত ছিল, যা না থাকায় অবহেলার বিষয়টি সামনে এসেছে।

এদিকে, আদিত্য ঠাকরে অবকাঠামো প্রকল্পে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে সরকারের সমালোচনা করেছেন এবং সংশ্লিষ্ট ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করা হবে কি না, সে বিষয়ে প্রশ্ন তুলেছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, পিলার ধসের সুনির্দিষ্ট কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারকে পাঁচ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া