নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : শনিবার ১৪ই ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতু-র উপকূলে ৬ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় এ ভূমিকম্প অনুভূত হয়। তবে প্রাথমিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল এস্পিরিটু সান্তো দ্বীপের পোর্ট অলরি গ্রাম থেকে প্রায় ৫০ কিলোমিটার পশ্চিমে।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে আঘাত হানা এ ভূমিকম্পের ফলে সুনামির কোনো আশঙ্কা নেই।
পোর্ট অলরির একটি সমুদ্র সৈকত রিসোর্টের কর্মী অ্যান্টেলিক ফ্রাঙ্ক জানান, ভূমিকম্পটি ‘খুব বড়’ ছিল এবং প্রায় এক মিনিট ধরে স্থায়ী হয়েছিল বলে মনে হয়েছে। তবে তার আশেপাশের এলাকায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও তিনি জানান।
ভানুয়াতু প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত হওয়ায় সেখানে প্রায়ই ভূমিকম্প ও টেকটোনিক কার্যকলাপ ঘটে। প্রায় ৩ লাখ ২০ হাজার মানুষের বসবাসের এ দ্বীপপুঞ্জটি ভূমিকম্প ও সক্রিয় আগ্নেয়গিরির ঝুঁকিপূর্ণ অঞ্চলের মধ্যে অন্যতম।