নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : বৃহস্পতিবার ২৩শে অক্টোবর ২০২৫, ০৩:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
দেশের শেয়ারবাজারে লেনদেনের পরিমাণ আশঙ্কাজনকভাবে কমে গেছে। বুধবার (২২ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মিলে লেনদেনের পরিমাণ নেমে এসেছে ৩০০ কোটির ঘরে, যা বাজার সংশ্লিষ্টদের মতে অত্যন্ত হতাশাজনক।
বাজার বিশ্লেষণে দেখা যায়, এদিন ডিএসইতে লেনদেনকৃত ৩৯৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৪৫টির, কমেছে ১৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৪টির। সূচকের দিক থেকে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই-৩০ সূচক বেড়েছে ৫ পয়েন্টে (১ হাজার ৯৭৪ পয়েন্টে) এবং ডিএসই শরিয়াহ সূচক বেড়েছে দশমিক ৫৭ পয়েন্টে (১ হাজার ৭৭ পয়েন্টে)।
যদিও সূচকে সামান্য ঊর্ধ্বগতি দেখা গেছে, তবে লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এদিন ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৫৫ কোটি ৪ লাখ টাকা, যা আগের কার্যদিবসের ৪৭৮ কোটি ১ লাখ টাকা থেকে ১২২ কোটি ৯৭ লাখ টাকা কম। এটি গত ২৩ জুনের পর ডিএসইতে সর্বনিম্ন লেনদেনের রেকর্ড।
লেনদেনের দিক থেকে শীর্ষে ছিল ওরিয়ন ইনফিউশন, যার ২৭ কোটি ১১ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এরপর রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ (১৪ কোটি ১১ লাখ টাকা) এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স (১৩ কোটি ৬২ লাখ টাকা)।
এছাড়া লেনদেনের শীর্ষ দশে ছিল ডমিনেজ স্টিল বিল্ডিং, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, লাভেলো আইসক্রিম, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক এবং সোনালী পেপার।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন লেনদেন হয়েছে ১২ কোটি ২৮ লাখ টাকার, যা আগের দিনের (১২ কোটি ২৩ লাখ টাকা) তুলনায় সামান্য বেশি। সিএসইতে মোট ১৮৩টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৭২টির, কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির। বাজারের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই এদিন ১৩ পয়েন্ট কমেছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, বিনিয়োগকারীদের আস্থার ঘাটতি এবং তারল্য সংকটের কারণে লেনদেনে এই মন্দাভাব দেখা দিয়েছে। তারা দ্রুত বাজারে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।