নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : বুধবার ৩রা ডিসেম্বর ২০২৫, ০৪:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যকে সামনে রেখে নতুন নকশার ৫০০ টাকার নোট বাজারে আনছে বাংলাদেশ ব্যাংক। বঙ্গবন্ধুর ছবি বাদ দিয়ে সব মূল্যমানের নোট পুনর্নকশার যে সিদ্ধান্ত ২০২৪ সালের ছাত্র–জনতার অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার গ্রহণ করে, তারই ধারাবাহিকতায় চলতি সপ্তাহের বৃহস্পতিবার থেকে বাজারে মিলবে নতুন এ নোট।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথমে নোটটি ইস্যু করা হবে ব্যাংকের মতিঝিল অফিস থেকে, পরে ধাপে ধাপে অন্যান্য শাখায় এটি পাওয়া যাবে। গভর্নর আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন নোটটির দৈর্ঘ্য ১৫২ মিলিমিটার এবং প্রস্থ ৬৫ মিলিমিটার।
নোটের সামনের বাম পাশে রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার, আর মাঝখানে জলছাপে ফুটে উঠেছে পাতা ও কলিসহ জাতীয় ফুল শাপলা। পেছনের অংশে যুক্ত করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি। সবুজ রঙের আধিক্য রাখা হয়েছে পুরো নকশায়।
নিরাপত্তা বৈশিষ্ট্যেও এসেছে বেশ কিছু নতুনত্ব। জলছাপ হিসেবে ব্যবহার করা হয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের মুখ, যার নিচে ইলেকট্রো টাইপে দেখা যাবে ‘৫০০’ ও বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম। নোট নড়ালে ডান পাশে থাকা ‘৫০০’ লেখা সবুজ থেকে নীল রঙে পরিবর্তিত হবে—এটি রঙ পরিবর্তনশীল কালি দিয়ে তৈরি। লাল–সোনালি রঙের পেঁচানো নিরাপত্তা সুতায় আলো ফেললে স্পষ্ট দেখা যাবে ‘৫০০ টাকা’ লেখা।
দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য নোটের নিচের ডান পাশে পাঁচটি উঁচু বৃত্ত রাখা হয়েছে। শহীদ মিনারসহ কিছু অংশ ইন্টাগ্লিও প্রিন্টে হওয়ায় স্পর্শে উঁচু অনুভব করা যাবে।
বাংলাদেশ ব্যাংক জানায়, ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শিরোনামের নতুন সিরিজের অংশ হিসেবে এই নোট বাজারে আসছে। এর আগে একই সিরিজে ১০০০, ১০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট ইস্যু করা হয়েছে।
নতুন নোট চালু হলেও প্রচলিত সব পুরনো নোট ও কয়েন আগের মতোই বৈধ থাকবে। পাশাপাশি মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ অবিনিময়যোগ্য নমুনা নোট ছাপা হয়েছে, যা নির্ধারিত মূল্যে মিরপুরের টাকা জাদুঘর থেকে সংগ্রহ করা যাবে।