;

১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকার, আর নীতিগত সিদ্ধান্ত নেবেন না উপদেষ্টারা: রিজওয়ানা হাসান

১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকার, আর নীতিগত সিদ্ধান্ত নেবেন না উপদেষ্টারা: রিজওয়ানা হাসান

ছবি সংগৃহীত

তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যেই দেশে নতুন সরকার গঠিত হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা এখন থেকে আর কোনো নতুন নীতিগত সিদ্ধান্ত নেবেন না, তবে নিয়মিত দাপ্তরিক কার্যক্রম অব্যাহত রাখবেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে নির্বাচন-পরবর্তী পরিস্থিতি এবং ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, “সারাদেশে ভোটগ্রহণ অত্যন্ত শান্তিপূর্ণ হয়েছে। নির্বাচন নিয়ে নানা ধরনের অপপ্রচার ছিল, কিন্তু দেশের মানুষ ভোটের মাধ্যমেই সেসব অপপ্রচারের উপযুক্ত জবাব দিয়েছে।”

বিজয়ী সংসদ সদস্যদের শপথ গ্রহণ প্রক্রিয়া সম্পর্কে তিনি জানান, গেজেট প্রকাশের পর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তরের কার্যক্রম শুরু হবে। শপথ কে পড়াবেন—স্পিকার, ডেপুটি স্পিকার, রাষ্ট্রপতি মনোনীত কোনো ব্যক্তি, নাকি নির্বাচন কমিশন—এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত। তবে যেই সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, সব প্রক্রিয়া ১৮ ফেব্রুয়ারির মধ্যেই সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।

ক্ষমতা হস্তান্তরের এই অন্তর্বর্তী সময়ে সরকারের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, বর্তমান উপদেষ্টারা আর কোনো বড় নীতিগত সিদ্ধান্ত নেবেন না। তবে জনগণের স্বার্থে দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলতে থাকবে।

তিনি আরও বলেন, জনগণের ক্ষমতায়নের এই গণতান্ত্রিক প্রক্রিয়া নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করতে বর্তমান প্রশাসন কাজ করে যাচ্ছে।