;

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

ছবি সংগৃহীত

বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার পর জাতীয় সংসদ ভবন–এর দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান।

রেওয়াজ অনুযায়ী জাতীয় সংগীত ও পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তাকে গোপনীয়তার শপথও পাঠ করান রাষ্ট্রপতি। পরে আনুষ্ঠানিক নথিতে স্বাক্ষরের মাধ্যমে শপথ প্রক্রিয়া সম্পন্ন হয়।

এরপর ২৫ জন মন্ত্রীকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি। স্বাক্ষরের মধ্য দিয়ে তাদের আনুষ্ঠানিকতা শেষ হয়। পরে ২৪ জন প্রতিমন্ত্রীও শপথ নেন। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন—
মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, আব্দুল আউয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, আ ন ম এহসানুল হক মিলন, সরদার মো. সাখাওয়াত হোসেন, আফরোজা খানম রিতা, মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মোহাম্মদ আমিনুর রশীদ (টেকনোক্রেট), খলিলুর রহমান (টেকনোক্রেট)সহ অন্যান্যরা।

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন—
শামা ওবায়েদ, সুলতান সালাহউদ্দিন টুকু, কায়সার কামাল, জোনায়েদ সাকি, ইশরাক হোসেন, ববি হাজ্জাজ, আমিনুল হক (টেকনোক্রেট)সহ অন্যরা।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জায়মা রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ দেশি-বিদেশি প্রায় এক হাজার অতিথি।