;

“নির্বাচনের বাইরেও মূল ফ্যাক্টর হবে আওয়ামী লীগ” — মাসুদ কামাল

“নির্বাচনের বাইরেও মূল ফ্যাক্টর হবে আওয়ামী লীগ” — মাসুদ কামাল

ছবি সংগৃহীত

জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করুক বা না-করুক, আওয়ামী লীগই হবে মূল ফ্যাক্টর। শনিবার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক বিশ্লেষণমূলক ভিডিওতে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “আমার বিবেচনায় আওয়ামী লীগ, জাতীয় পার্টি যদি নির্বাচনের বাইরেও থাকে, তবুও আসন্ন নির্বাচনে মূল ফ্যাক্টর হবে আওয়ামী লীগ। আওয়ামী লীগ নির্বাচনে আসলেও মূল ফ্যাক্টর, নির্বাচনের বাইরে রাখলেও দলটিই মূল ফ্যাক্টর। আওয়ামী লীগের ওপর নির্ভর করবে নির্বাচনটা কেমন হবে।”

নির্বাচনে আওয়ামী লীগ না থাকলে প্রতিদ্বন্দ্বিতা কার মধ্যে হবে — এমন প্রশ্নের জবাবে মাসুদ কামাল বলেন, “তাহলে কার সঙ্গে কার প্রতিদ্বন্দ্বিতা হবে? বিএনপি ও জামায়াতের মধ্যে? এখনকার বাস্তবতায় জামায়াত প্রতিদ্বন্দ্বিতায় থাকার মতো দল না। আওয়ামী লীগ ও বিএনপিই নির্বাচনের প্রকৃত প্রতিদ্বন্দ্বী।”

তিনি আরও বলেন, “যদি আওয়ামী লীগ সিদ্ধান্ত নেয় যে তারা ভোট দেবে না, তাহলে নির্বাচনে ভোটের হার উল্লেখযোগ্যভাবে কমে যাবে, যা আন্তর্জাতিকভাবে নির্বাচনটির বৈধতা নিয়ে প্রশ্ন তুলতে পারে। আবার যদি আওয়ামী লীগ সিদ্ধান্ত নেয় ভোট দেবে এবং নির্দিষ্ট কোনো দলকে সমর্থন করবে, তাহলে পুরো নির্বাচনের ফল নির্ভর করবে সেই ভোটের গতিপথের ওপর।”

জামায়াতের নেতাদের বক্তব্য নিয়েও মন্তব্য করেন মাসুদ কামাল। তিনি বলেন, “জামায়াতের অনেক নেতাকর্মীর সঙ্গে কথা বলেছি। তারা মনে করে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় যেতে পারে। তাদের এই ধারণা একেবারেই হাস্যকর নয়— তাদেরও কিছু হিসাব আছে।”

শেষে তিনি বলেন, “বাংলাদেশের রাজনীতির বাস্তবতা হলো— সবকিছুই নিয়ন্ত্রণ করবে আওয়ামী লীগ। দলটি খারাপ হোক বা ভালো, বিপুল জনগোষ্ঠী এখনো আওয়ামী লীগকেই চায়।”