;

ক্ষমতায় গেলে বিডিআর নাম পুনর্বহাল করতে চাই: তারেক রহমান

ক্ষমতায় গেলে বিডিআর নাম পুনর্বহাল করতে চাই: তারেক রহমান

ছবি সংগৃহীত

বিএনপি ক্ষমতায় গেলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর নাম পুনরায় বাংলাদেশ রাইফেলস (বিডিআর) করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও পিলখানায় নিহত সেনা সদস্যদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে তারেক রহমান বলেন, ২০০৯ সালে পিলখানায় বিডিআর বিদ্রোহ ও সেনা হত্যাযজ্ঞের পর মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বাহিনীটির নাম ও ইউনিফর্ম পরিবর্তন করা হয়।

তিনি বলেন, জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের ঐতিহাসিক নাম পুনর্বহাল করা হবে। পাশাপাশি ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে, সে লক্ষ্যে সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করে পিলখানায় সেনা হত্যার দিনটিকে ‘শহীদ সেনা দিবস’, ‘সেনা হত্যাযজ্ঞ দিবস’ অথবা ‘জাতীয় শোক দিবস’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথাও জানান তিনি।

তারেক রহমান আরও বলেন, সাবেক সেনা কর্মকর্তা ও সদস্যদের পক্ষ থেকে জাতীয় নিরাপত্তা পরিষদ গঠন, সেনা আইনের কিছু বিধিমালার সংস্কারসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশ দেওয়া হয়েছে। বিএনপি সরকার গঠন করলে এসব সুপারিশ বাস্তবায়নের লক্ষ্যে সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি গঠনের পরিকল্পনা রয়েছে।

ওয়ান র‌্যাংক ওয়ান পে প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি ইতোমধ্যে বিএনপির নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সরকার গঠন করলে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

সেনাবাহিনীর সঙ্গে নিজের ‘আত্মিক সম্পর্কের’ কথা তুলে ধরে তারেক রহমান বলেন, সেনানিবাসে বেড়ে ওঠার কারণে সেনাবাহিনীকে তিনি নিজের বৃহত্তর পরিবারের অংশ বলে মনে করেন। তার মতে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় একটি শক্তিশালী ও পেশাদার সেনাবাহিনী অপরিহার্য।

তিনি আরও বলেন, বিএনপি কখনোই সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করবে না এবং ভবিষ্যতেও করবে না। সেনাবাহিনীর গৌরব রক্ষা করার দায়িত্ব সেনাবাহিনীর নিজেরই—রাজনীতি থেকে দূরে থেকে পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানের শুরুতে প্রয়াত জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়াসহ শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। স্বাগত বক্তব্য দেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর।

অনুষ্ঠানে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানসহ ঊর্ধ্বতন ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সঙ্গে নৈশভোজে অংশ নেন।