;

ঢামেকে অক্সিজেন মাস্ক খুলে নিলো দালাল, প্রাণ গেল শিশুর

ঢামেকে অক্সিজেন মাস্ক খুলে নিলো দালাল, প্রাণ গেল শিশুর

ছবি: সংগৃহীত

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ অক্সিজেন মাস্ক খুলে নেওয়ার পর ৭ মাস বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১২ মে) বিকেলে ঘটে যাওয়া এ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে চরম উত্তেজনা সৃষ্টি হয়।

স্বজনদের অভিযোগ, কিডনি জটিলতায় আক্রান্ত শিশু মিনহাজকে উন্নত চিকিৎসার জন্য রংপুর থেকে ঢাকায় আনা হয়েছিল। চিকিৎসকরা স্পষ্টভাবে নির্দেশ দিয়েছিলেন, কোনো অবস্থাতেই শিশুর অক্সিজেন মাস্ক খোলা যাবে না। তবে উন্নত চিকিৎসার আশ্বাস ও বেসরকারি ক্লিনিকে নেওয়ার প্রলোভন দেখিয়ে এক ব্যক্তি শিশুটির মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে নেন বলে অভিযোগ পরিবারের।

পরিবারের দাবি, এরপর প্রায় ২০ মিনিট শিশুটিকে অক্সিজেন ছাড়াই হাসপাতালের বিভিন্ন স্থানে ঘোরানো হয়। পরে অ্যাম্বুলেন্সে তোলার সময় স্বজনরা বুঝতে পারেন, শিশুটি আর বেঁচে নেই।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এনায়েত করিম নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি ঢামেক হাসপাতালের সাময়িক বরখাস্তকৃত অফিস সহকারী এবং দীর্ঘদিন ধরে দালালি ও প্রতারণার সঙ্গে জড়িত ছিলেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগী স্থানান্তর ও আর্থিক অনিয়মের অভিযোগে এর আগেও তাকে বরখাস্ত করা হয়েছিল। এরপরও তিনি হাসপাতাল এলাকায় সক্রিয় ছিলেন বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনাকে ঘিরে হাসপাতাল এলাকায় সক্রিয় দালালচক্র নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের অভিযোগ, রোগীর চাপ ও স্বজনদের অসহায়ত্বকে কাজে লাগিয়ে একটি সংঘবদ্ধ চক্র নিয়মিত রোগীদের বিভিন্ন বেসরকারি ক্লিনিকে নেওয়ার চেষ্টা করে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে লিখিত মুচলেকা নিয়ে অভিযুক্তকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।