;

এনআইডি দিয়েই জানুন আপনার ভোটকেন্দ্রের নাম ও নম্বর

এনআইডি দিয়েই জানুন আপনার ভোটকেন্দ্রের নাম ও নম্বর

ছবি সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের তথ্যপ্রাপ্তি সহজ করতে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক বিষয়টি নিশ্চিত করে জানান, অ্যাপটি ইতোমধ্যে গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে।

এই অ্যাপের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ব্যবহার করে ভোটাররা সহজেই জানতে পারবেন নিজেদের ভোট কেন্দ্রের নাম ও অবস্থান। পাশাপাশি অ্যাপে ভোট কেন্দ্রের জিও লোকেশন, ছবি, দূরত্ব এবং ম্যাপসহ বিস্তারিত তথ্য দেখা যাবে।

এছাড়া অ্যাপটিতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর তথ্য, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের হলফনামা, নির্বাচন-সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা এবং নির্বাচনী ফলাফল জানার সুবিধাও রয়েছে। ফলে ভোটারদের পাশাপাশি সাধারণ মানুষ ও আগ্রহী ব্যক্তিরাও সহজেই নির্বাচন-সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবেন।

একবার অ্যাপটি ইনস্টল করার পর ভোটাররা জন্মতারিখ ও ভোটার আইডি কার্ডের নম্বর দিয়ে লগইন করলে জানতে পারবেন—বর্তমানে কোন সংখ্যক সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, নিজ নিজ ভোটার আইডি নম্বর, কোন ভোট কেন্দ্রে ভোট দিতে হবে, ভোট কেন্দ্রের ঠিকানা এবং ভোট দেওয়ার সিরিয়াল নম্বরসহ প্রয়োজনীয় নানা তথ্য।

এছাড়া প্রার্থীদের নাম ও প্রতীক সম্পর্কিত তথ্যও অ্যাপটির মাধ্যমে জানা যাবে, যা ভোটারদের সচেতন ও সঠিক সিদ্ধান্ত নিতে সহায়ক হবে বলে মনে করছে নির্বাচন কমিশন।