নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : বৃহস্পতিবার ১১ই ডিসেম্বর ২০২৫, ১১:১২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
ভেনেজুয়েলার উপকূল থেকে একটি বড় তেলের ট্যাংকার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘটনাটিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর নিন্দা জানিয়েছে ভেনেজুয়েলা। এক বিবৃতিতে দেশটি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘আন্তর্জাতিক জলদস্যুতা’র অভিযোগ তোলে। খবর বিবিসির।
সরকারি বিবৃতিতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্টের উদ্দেশ্য হচ্ছে কোনো ক্ষতিপূরণ ছাড়াই ভেনেজুয়েলার তেল সম্পদ দখল করা। বিবৃতিতে আরও দাবি করা হয়, যুক্তরাষ্ট্রের এই ‘আগ্রাসী নীতি’ ভেনেজুয়েলার জ্বালানি সম্পদ লুটের সুস্পষ্ট পরিকল্পনার অংশ।
ভেনেজুয়েলার অভিযোগ, যুক্তরাষ্ট্র ‘সাম্রাজ্যবাদী পন্থায় ক্ষমতার অপব্যবহার’ করছে। বিবৃতিতে বলা হয়, অভিবাসন, মাদক পাচার, গণতন্ত্র বা মানবাধিকার—এসব কোনো বিষয়েই যুক্তরাষ্ট্রের আগ্রহ নেই; তাদের লক্ষ্য শুধু ভেনেজুয়েলার প্রাকৃতিক সম্পদ দখল করা।
দেশটি জানায়, তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিদ্যমান সব আন্তর্জাতিক সংস্থায় অভিযোগ জানাবে এবং ভেনেজুয়েলার সার্বভৌমত্ব, প্রাকৃতিক সম্পদ ও জাতীয় মর্যাদা রক্ষায় কঠোর অবস্থান নেবে।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমরা ভেনেজুয়েলার উপকূলে একটি খুব বড় ট্যাংকার আটক করেছি। এটি এখন পর্যন্ত আটক করা ট্যাংকারগুলোর মধ্যে সবচেয়ে বড়।”
তিনি আরও জানান, “আরো কিছু ঘটনা ঘটছে”, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। ট্রাম্প বলেন, পরে তিনি এ নিয়ে আরও তথ্য দেবেন।