নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : রবিবার ৭ই ডিসেম্বর ২০২৫, ০৭:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “জামায়াতকে একাত্তরেই মানুষ দেখেছে। রাজনৈতিক স্বার্থে তারা লাখ লাখ মানুষকে হত্যা করেছে; মা-বোনদের সম্ভ্রমহানি করেছে।”
রোববার বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। তারেক রহমান ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিলেন।
জামায়াত প্রসঙ্গে তিনি বলেন, “কেউ বলে অমুক দলকে একবার সুযোগ দিয়ে দেখতে হবে। তাদের একাত্তরেই মানুষ দেখেছে। রাজনৈতিক স্বার্থে তারা লাখ লাখ মানুষ হত্যা করেছে। মা–বোনদের সম্ভ্রমহানি করেছে। দেশের সবাইকে এ কথা মনে রাখতে হবে।”
তিনি আরও অভিযোগ করেন, “একটি রাজনৈতিক দলের কিছু নেতা বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করছে। বেহেশত–দোজখ নির্ধারণের মালিক আল্লাহ। যারা মানুষকে এসব নিয়ে প্রতিশ্রুতি দিচ্ছেন, তারা শিরক করছেন।”
তারেক রহমান বলেন, “আগামীতে জনগণের ভোটে ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম টেনে ধরা হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা হবে।”
কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সঞ্চালনায় ছিলেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।