;

ভোটে হেরে বাড়ি বাড়ি ঘুরে টাকা ফেরত চাইছেন প্রার্থীর স্ত্রী!

ভোটে হেরে বাড়ি বাড়ি ঘুরে টাকা ফেরত চাইছেন প্রার্থীর স্ত্রী!

ছবি সংগৃহীত

ভারতের তেলেঙ্গানা রাজ্যে পৌর নির্বাচনে পরাজয়ের পর ভোটারদের কাছ থেকে টাকা ফেরত চাওয়ার অভিযোগে বিতর্কে জড়িয়েছেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র এক প্রার্থী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পরাজিত প্রার্থীর স্ত্রী খাতা-কলম হাতে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে টাকা ফেরত চাইছেন—যা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

জানা গেছে, মাঞ্চেরিয়াল মিউনিসিপ্যাল করপোরেশন–এর ৯ নম্বর ডিভিশন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিজেপি প্রার্থী জাদি তিরুপতি। তিনি মাত্র ১৬ ভোটের ব্যবধানে কংগ্রেস প্রার্থীর কাছে পরাজিত হন। ফল ঘোষণার পর অভিযোগ ওঠে, তিরুপতি ও তাঁর পরিবারের সদস্যরা সেইসব ভোটারের বাড়িতে যাচ্ছেন, যারা টাকার বিনিময়ে তাকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, প্রার্থীর স্ত্রী রূপা ভোটারদের ঈশ্বরের নামে শপথ করে বলতে বলছেন—তারা তিরুপতিকে ভোট দিয়েছেন কি না। অভিযোগ অনুযায়ী, যারা ভোট না দেওয়ার কথা স্বীকার করেছেন, তাদের কাছ থেকে জনপ্রতি তিন হাজার রুপি করে ফেরত নেওয়া হচ্ছে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি স্থানীয় রাজনীতিতে তীব্র বিতর্ক সৃষ্টি করেছে। কারণ ভোটারদের অর্থের প্রলোভন দেখানো নির্বাচনি বিধি ও গণতান্ত্রিক নীতির পরিপন্থি। ঘটনাটি নির্বাচনি স্বচ্ছতা ও নৈতিকতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

ভারতে ভোটাধিকার বিষয়ে সচেতনতা বাড়াতে সরকার ও নির্বাচন কমিশন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করলেও, এ ধরনের অভিযোগ প্রমাণ করে অর্থের বিনিময়ে ভোট কেনার সংস্কৃতি পুরোপুরি নির্মূল হয়নি।