নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : বৃহস্পতিবার ২২শে জানুয়ারি ২০২৬, ০১:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
সিলেট নগরীর সরকারি আলিয়া মাদরাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনী জনসভা শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার কিছুক্ষণ আগে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ জনসভার কার্যক্রম শুরু হয়।
জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের। এরই মধ্যে তিনি সমাবেশে যোগ দিয়েছেন। পাশাপাশি দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের একাধিক নেতা সভামঞ্চে উপস্থিত রয়েছেন এবং বক্তব্য রাখবেন।
জনসভায় সিলেট ও সুনামগঞ্জ জেলার মোট ১১টি সংসদীয় আসনে বিএনপি মনোনীত ও জোট সমর্থিত প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
সমাবেশস্থল সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠ ইতোমধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সভামঞ্চে উপস্থিত রয়েছেন।
বুধবার রাত থেকেই সিলেটের বিভিন্ন উপজেলা ও পার্শ্ববর্তী জেলার বিএনপি নেতা-কর্মীরা আলিয়া মাদরাসা মাঠে জড়ো হতে শুরু করেন। অনেককে ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা হাতে মাঠের আশপাশে অবস্থান নিতে দেখা যায়।
বৃহস্পতিবার সকাল থেকে মাঠ ও আশপাশের সড়কগুলোতে মানুষের উপস্থিতি আরও বাড়তে থাকে। নির্ধারিত সময়ের আগেই মাঠের বড় একটি অংশ জনসমুদ্রে পরিণত হয়।
সমাবেশে অংশ নেওয়া বিএনপি নেতা-কর্মীরা ধানের শীষ প্রতীকসংবলিত একরঙা গেঞ্জি, দলের চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত গেঞ্জি, ব্যানার ও ফেস্টুন নিয়ে উপস্থিত হয়েছেন। সিলেটসহ বিভিন্ন জেলার দলীয় নেতাদের ছবি বহন করতেও দেখা যায়। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পুরো জনসভাস্থল।