;

সীমান্তের ওপারে গুলি ছুড়ে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

সীমান্তের ওপারে গুলি ছুড়ে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ছবি সংগৃহীত

কুড়িগ্রামের রৌমারী উপজেলার খাটিয়ামারী সীমান্তে চোরাচালানের সময় গুলি ছুড়ে একজনকে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

রোববার (১১ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে রৌমারী সদর ইউনিয়নের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২–এর নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তির নাম মিস্টার আলী (২৫)। তিনি রৌমারী সদর ইউনিয়নের রতনপুর গ্রামের আব্দুস ছালামের ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে ২০–২৫ জনের একটি চোরাকারবারি দল নো-ম্যান্সল্যান্ড অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। তারা ভারত থেকে গরু, জিরা, মাদক ও কাপড় সীমান্ত পারাপারের চেষ্টা করছিল। এ সময় ভারতের কুচনীমারা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও মিস্টার আলীকে আটক করে বিএসএফ।

জামালপুর–৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, এখনো আটক ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি সম্পর্কে বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা গেছে। এ ঘটনায় বিএসএফকে অবহিত করা হলেও তারা এখনো আনুষ্ঠানিকভাবে কোনো জবাব দেয়নি।