;

রাউজানে বিএনপির ৫ নেতা-কর্মী গুলিবিদ্ধ, একজনের অবস্থা আশঙ্কাজনক

রাউজানে বিএনপির ৫ নেতা-কর্মী গুলিবিদ্ধ, একজনের অবস্থা আশঙ্কাজনক

ছবি সংগৃহীত

চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তদের গুলিতে বিএনপির পাঁচ নেতা-কর্মী আহত হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) গভীর রাতে উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কোয়েপাড়া চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে রাউজান উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ সুমনের অবস্থা আশঙ্কাজনক। তাঁর বুকে গুলি লেগেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

গুলিবিদ্ধ অন্যরা হলেন— বাগোয়ান ইউনিয়ন কৃষক দলের সহসভাপতি মোহাম্মদ ইসমাইল, ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম চৌধুরী, ইউনিয়ন যুবদলের সহসভাপতি রবিউল হোসেন রুবেল এবং বিএনপি কর্মী মোহাম্মদ সোহেল।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের দিকে দুর্বৃত্তরা হঠাৎ এসে গুলি চালিয়ে একটি গাড়িতে করে পালিয়ে যায়। তবে কারা হামলাকারী এবং কেন এই হামলা চালানো হয়েছে, তা এখনো জানা যায়নি।

রাউজান বিএনপির একাংশের সভাপতি জসিম উদ্দিন জানান, আহতরা বিএনপির উপদেষ্টামণ্ডলীর সদস্য গোলাম আকবর খন্দকারের অনুসারী। ৭ নভেম্বর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে ফেরার পথে প্রতিপক্ষের হামলায় তারা আহত হন।

রাউজান থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বিষয়ে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, রাউজানে গত বছর ৫ আগস্টের পর থেকে রাজনৈতিক দ্বন্দ্ব, আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিসহ বিভিন্ন কারণে অন্তত ১৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।