;

পঞ্চগড়ে আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা

পঞ্চগড়ে আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা

ছবি সংগৃহীত

পঞ্চগড়ে টানা নয় দিন ধরে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। পাশাপাশি টানা ছয় দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রাও রেকর্ড হচ্ছে এ জেলার তেঁতুলিয়ায়। শৈত্যপ্রবাহের কারণে তেঁতুলিয়াসহ আশপাশের এলাকায় বিকেলের পর থেকেই ঘন কুয়াশা ও হিমশীতল বাতাসে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে। কনকনে শীত স্থায়ী থাকে প্রায় সকাল ১০টা পর্যন্ত।

তেঁতুলিয়া আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, বুধবার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন ৮ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগের দিন মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, তেঁতুলিয়া ও আশপাশের এলাকায় টানা নয় দিন ধরে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বুধবার সকালে রাতের গড় তাপমাত্রা দেশের মধ্যে সর্বনিম্ন ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। দিনের বেলায় পর্যাপ্ত রোদ থাকায় সর্বোচ্চ তাপমাত্রা ২৭ থেকে ২৮ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে।

তিনি আরও জানান, চলতি শীত মৌসুমের তৃতীয় দফার মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয় ৬ জানুয়ারি, সেদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এরপর থেকে সর্বনিম্ন তাপমাত্রা ৭ থেকে ৯ ডিগ্রির মধ্যেই অবস্থান করছে। বিশেষ করে ৯ জানুয়ারি থেকে টানা ছয় দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের শৈত্যপ্রবাহের কারণে রাতভর টিপটিপ করে কুয়াশা ঝরে। ভোরের কনকনে ঠান্ডায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন কৃষিশ্রমিকসহ খেটে খাওয়া মানুষ। কনকনে শীতে অনেকেই ঠিকমতো কাজে যোগ দিতে পারছেন না।